Last Updated:
West Bengal Madhyamik WBBSE Class 10th Result 2026: পূর্ব বর্ধমানের মেধা তালিকায় ষষ্ঠ স্থানে অর্জয়িতা ও সৌমাল্য, নবমে আভাস ও সৌম্যদীপ এবং দশমে সৃজন দাস। এদের এমন সাফল্যে গর্বে বুক ভরছে জেলার।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: সরকারি স্কুল মানেই খারাপ নয়, ভাল করে পড়াশোনা করলে সরকারি স্কুল থেকেও ভাল ফলাফল করা যায় দাবি স্বরূপের।অন্যদিকে দাদাই অনুপ্রেরণা,পরবর্তীতে দাদার দেখানো পথে হেঁটেই ডাক্তার হতে চায় সৃজন।
প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-এর ফলাফল। মেধা তালিকায় রয়েছেন পূর্ব বর্ধমানের পাঁচজন কৃতি ছাত্র-ছাত্রী। ষষ্ঠস্থান আধিকার করেছে অর্জয়িতা চক্রবর্তী (বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস্ হাইস্কুল)ও সৌমাল্য চন্দ (কাটোয়া কাশিরামদাস ইনস্টিটিউশন), প্রাপ্ত নম্বর ৬৯২। নবম স্থান অধিকার করেছে কালনা মহারাজা হাইস্কুলের আভাস সরকার ও ভাতার মাধব পাবলিক হাইস্কুলের সৌম্যদীপ চক্রবর্তী,প্রাপ্ত নম্বর ৬৮৯। দশম হয়েছে কুচুট প্রিয়গোপাল চৌধুরী হাই স্কুলের সৃজন দাস,প্রাপ্ত নম্বর ৬৮৮।
সকাল থেকে ফলাফলের অপেক্ষায় টিভির সামনে বসে ছিলাম। রেজাল্ট ভাল হবে ভেবেছিলাম কিন্তু এত ভাল হবে ভাবতে পারিনি বলল সৃজন। পূর্ব বর্ধমানের মেমারি থানার কুচুটের কালেশ্বর এলাকার বাসিন্দা সৃজন দাস। বাবা, মা, দাদু, দাদাকে নিয়ে ছোট্ট পরিবার। বাবা তুষার কান্তি দাস সামন্তী হাই স্কুলের শিক্ষা কর্মী ও মা সোমা দাস গৃহবধু। সপ্তম শ্রেণী পর্যন্ত পাহাড়হাটি গোলামমনি হাইস্কুলে পড়াশোনা করেছে সৃজন। পরবর্তীতে অষ্টম শ্রেণী থেকে কুচুট প্রিয়গোপাল চৌধুরী হাই স্কুলে পড়াশোনা শুরু করে সে। পড়াশোনার ছাড়া গিটার বাজাতে,গান শুনতে, ক্রিকেট খেলতে ও খেলা দেখতে ভালবাসে সৃজন। এছাড়াও অবসর সময়ে গোয়েন্দা গল্পের বই ভাল লাগে তার।
সৃজন বলে, “সাফল্যের মূল মন্ত্রই হল স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও গৃহশিক্ষকদের কথা অনুযায়ী পড়াশোনা করা এবং প্রতিদিনের পড়া জমিয়ে না রেখে প্রতিদিন করে নেওয়া। প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে পরীক্ষার আগে অতিরিক্ত চাপ পড়বে না,ফলে পরীক্ষাও ভাল হবে। পড়াশোনা ছাড়া গোয়েন্দা গল্পের বই পড়তে, গিটার বাজাতে, ক্রিকেট খেলতে ভালবাসি।” অরিজিৎ সিং তার প্রিয় গায়ক ও শাকিরা প্রিয় গায়িকা। সে আরও বলে, দাদাই তার অনুপ্রেরণা,দাদার মতই ডাক্তারি করতে চায় সে।
পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা সৌম্যদীপ চক্রবর্তী। ভাতার মাধব পাবলিক হাইস্কুলের ছাত্র সে। মা-বাবাকে নিয়ে ছোট্ট পরিবার। বাবা স্বরূপ চক্রবর্তীর একটি মুদিখানা দোকান রয়েছে ভাতারে ও মা বিশাখা চক্রবর্তী। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে,ক্রিকেট খেলতে ও বন্ধুদের সঙ্গে ঘুরতে ভালবাসে সৌম্যদীপ।পরবর্তীতে ডাক্তার হতে চায় সে। সৌম্যদীপের বাবা স্বরূপ চক্রবর্তী বলেন, “ছেলে এত ভাল রেজাল্ট করেছে আমরা সকলে খুব খুশি। চাইব এভাবেই যেন এগিয়ে যেতে পারে। ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে।” অনেকেই সরকারি স্কুলে ভর্তি হতে চায় না তাদের উদ্দেশ্যে কী বলবেন? প্রশ্ন করলে সৌম্যদীপ বলে, “সরকারি স্কুল মানেই খারাপ না। আমি ছোট থেকেই সরকারি স্কুলে পড়াশোনা করেছি। শিক্ষক-শিক্ষিকাদের কথা শুনে চললেও তাদের পরামর্শ মতো পড়াশুনা করলে ভাল ফল অবশ্যই পাওয়া যায়।”
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
