কলকাতা : ব্রিগেডে ঐতিহাসিক মুহূর্ত। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Takes Oath as West Bengal’s New Chief Minister)। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। ৫৫ বছর পরে জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল পশ্চিমবঙ্গ। গতকালই পরিষদীয় নেতা হিসাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছিলেন অমিত শাহ। বিধায়কদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। সেইমতো আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করেন শুভেন্দু। এদিন শুভেন্দুর শপথ-গ্রহণ অনুষ্ঠান ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কার্যত ‘চাঁদের হাট’ বসে। উপস্থিত একাধিক বিজেপি-শাসিত ও NDA শরিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এই তালিকায় রয়েছেন- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তনকারী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ-সহ আরও অনেকে।