Last Updated:
WB Madrasah Result 2026: ২০২৬ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় নজরকাড়া ফলাফল কোচবিহারের এক ছাত্রের। সমগ্র রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সে।
কোচবিহারঃ শুক্রবার মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি রাজ্যের মাদ্রাসা বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তাতেই নজর কেড়ে নিল কোচবিহারের এক ছাত্র। মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে কোচবিহারের মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পড়ুয়া মিরাজ রহমান। তাঁর সাফল্যে পরিবারে বইছে খুশির হাওয়া।
গতকাল দুপুরেই মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়, তাঁদের ছাত্র মিরাজ রহমান রাজ্য মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৭৭৮।
জানা গিয়েছে, এবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে দু’জন। মুর্শিদাবাদের ভাবতা আজিজিয়া হাই মাদ্রাসার পড়ুয়া মহম্মদ মোস্তাক নাজিম ও মালদহের এন এম এস হাই মাদ্রাসার শাহান আখতার প্রথম হয়েছে। তাঁদের প্রাপ্ত নম্বর ৭৮১। মাত্র তিন নম্বর কম পেয়ে তৃতীয় হয়েছে কোচবিহারের মিরাজ রহমান। তবে তাঁর এই সাফল্যে গর্বিত পরিবার-পরিজন সহ মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, এবারের মাধ্যমিকেও নজরকাড়া ফলাফল করেছে কোচবিহারের পড়ুয়ারা। মেধাতালিকার প্রথম দশে জেলার মোট ৭ জন ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে। সেই নিয়ে ‘রাজার জেলা’য় খুশির হাওয়া বইছে। সেই আনন্দে আরও বাড়িয়ে দিল মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মিরাজ রহমানের সাফল্য। কোচবিহারের এই কৃতীদের কৃতিত্বে খুশি সকলে।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 09, 2026 11:48 AM IST
Madrasah Result 2026: শিক্ষাক্ষেত্রে ফের উজ্জ্বল কোচবিহারের নাম! মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় রাজ্যে তৃতীয় জেলার ছাত্র, গর্বিত সকলে
