Last Updated:
West Bengal Madhyamik WBBSE Class 10th Result 2026: সাধারণ পরিবার থেকে উঠে এসে এবার মাধ্যমিকের মেধা তালিকায় নিজের জায়গা করে নিল আসানসোলের পড়ুয়া। অভাবকে জয় করে রামকৃষ্ণ মিশনের ছাত্র অভিষেক দাস ৬৮৮ নম্বর পেয়ে মাধ্যমিকের মেধা তালিকায় সেরা দশরে মধ্যে দশম স্থান অর্জন করেছে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: সাধারণ এক পরিবার থেকে উঠে এসে এবার মাধ্যমিকের মেধা তালিকায় নিজের জায়গা করে নিল আসানসোলের পড়ুয়া। শহরের শহীদ সুকুমার পল্লীর বাসিন্দা অভিষেক দাস রামকৃষ্ণ মিশনের ছাত্র। অভাবকে জয় করে ৬৮৮ নম্বর পেয়ে অভিষেক মাধ্যমিকের মেধা তালিকায় সেরা দশের মধ্যে স্থান পেয়েছে সে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দশম স্থান অর্জন করেছে সে। প্রাপ্ত নম্বরের হিসেবে পশ্চিম বর্ধমান জেলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে এই পড়ুয়া।
তার এই সাফল্যে খুশির জোয়ার শিল্পাঞ্চল জুড়ে। বিশেষ করে বাংলা, অঙ্ক এবং জীবন বিজ্ঞানের মতো বিষয়ে ১০০-তে ১০০ নম্বর পেয়ে অভিষেক প্রমাণ করেছে, মেধা ও পরিশ্রম থাকলে সব বাধা জয় করা যায়। তবে অভিষেকের এই লড়াইয়ের পথটা খুব একটা সহজ ছিল না। তার বাবা অসিত দাস একটি বেসরকারি সংস্থার অধীনে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করেন।
দিনভর হাড়ভাঙা খাটুনির পর সামান্য আয়ে সংসার চালানো যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে ছেলের এই আকাশছোঁয়া সাফল্যে গর্বিত তিনি। মা ঝুমা দাস গৃহবধূ। তিনি, মূলত ছেলের পড়াশোনার দেখভাল করতেন। সবসময় ছেলের পাশে থেকে তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতেন।
ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে অভিষেক স্পষ্ট জানিয়েছে, সে, মেডিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে বড় চিকিৎসক হতে চায়। তার এই মেধার স্বীকৃতি কেবল তাঁর পরিবারকেই নয়, বরং গোটা আসানসোল রামকৃষ্ণ মিশন ও শহীদ সুকুমার পল্লীর বাসিন্দাদের গর্বিত করেছে। নিজের স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিষেক বলেন, নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের সঠিক নির্দেশনা আমাকে এই সাফল্য পেতে সাহায্য করেছে।
Asansol,Barddhaman,West Bengal
May 08, 2026 12:59 PM IST
