Last Updated:
Shankar Chakraborty: টলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে নিয়ে মধ্যরাত থেকে চরম উদ্বেগের মধ্যে ছিলেন সহকর্মী থেকে অনুরাগীরা৷ অভিনেতার পোস্টকে কেন্দ্র করেই তুমুল শোরগোল পড়ে গিয়েছিল টলিপাড়ায়, কী এমন লিখেছিলেন অভিনেতা?
কলকাতা: টলিউড অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে নিয়ে উদ্বেগ বাড়ছে৷ আচমকা কী হল টলিউডের বর্ষীয়ান ও জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তীর তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ গতকাল মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা৷ সেই পোস্টকে কেন্দ্র করেই জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়৷
ফেসবুক পোস্টে কী এমন লিখলেন অভিনেতা? লেখা বললে ভুল হবে বরং এক ভয় ধরানো বার্তা দিলেন অভিনেতা৷ শঙ্কর সোশ্যাল পোস্টে লেখেন- ‘নাও আই এম ক্রসিং থ্রু লাইফ ইজ গণ!’ অভিনেতার এই পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ তারপর থেকে চিন্তায় পড়েন অভিনেতার অনুরাগী থেকে সহকর্মীরা৷
সহকর্মীদের মধ্যে অনেকেই এই পোস্ট দেখেই অভিনেতাকে ফোন কেউ মেসেজ করতে শুরু করেন৷ পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও অভিনেতার খোঁজ নেন৷ স্ত্রীকে হারানোর পর একাকীত্বে ভুগছিলেন অভিনেতা৷ এছাড়া হাতে ছিল না কাজ, তা নিয়েও কিছুদিন আগে আক্ষেপ প্রকাশ করেছিলেন অভিনেতা৷ তারপরেই অভিনেতার এই পোস্ট দেখে উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে৷
অভিনেতার এই পোস্টকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য তৈরি হতেই মুখ খুললেন অভিনেতা৷ ফের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেতা৷ তিনি লেখেন- ‘FB আমার একটা পোস্ট দেখে সবাই ভাবলো আমি বোধ হয় গন কৌশিক গাঙ্গুলী থেকে শুরু করে অনেকেই রাতে আমাকে ফোন করেন উদ্বিগ্ন হয়ে আমি তাদের আশ্বস্ত করছি আমি কোথাও যাইনি আমি আছি বাহাল তবিয়তে আসলে রাস্তায় যেতে যেতে একটা লেখা দেখে হঠাৎ করে ওটা আমার মনে হয়েছিল। আমি আছি আমি থাকবো যতদিন ঈশ্বর চাইবেন৷’

অভিনেতার এই পোস্টের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টলিপাড়া এবং তাঁর সমস্ত অনুরাগীরা৷ বর্ষীয়ান অভিনেতা যে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন সেই খবর শুনেই সকলে খুশি৷
