Last Updated:
Murshidabad News: বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অসীম সরকার। আর সেই অসীম সরকারের বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র-সহ বিপুল পরিমানে গুলি বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: হঠাৎই বহরমপুরে এ কি উদ্ধার! তাজ্জব বনে গেল পুলিশ। একদিকে যখন নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করছেন, আর তখনই মুর্শিদাবাদে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে আগ্নেয়াস্ত্র ম্যাগাজিন গুলি সহ গ্রেফতার করা হল একজন দুস্কৃতীকে।
জানা গিয়েছে, বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অসীম সরকার। আর সেই অসীম সরকারের বাড়ি থেকেই আগ্নেয়াস্ত্র-সহ বিপুল পরিমানে গুলি বাজেয়াপ্ত করেছে বহরমপুর থানার পুলিশ। ওই ঘটনায় পুলিশ অসীমের স্ত্রী টুকু সরকারকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে বহরমপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকায় অসীমের বাড়িতে হানা দিয়ে ওই অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
শনিবার দুপুরে বহরমপুর থানায় এক সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদের ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) সুশান্ত রাজবংশী বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গির্জাপাড়া এলাকায় অসীম সরকারের বাড়িতে হানা দিয়ে তিনটে ৭.৬৫ বোরের অত্যাধুনিক পিস্তল ও ৭.৬৫ বোরের ৯০টি গুলি এবং ৫০টি ৯ এমএম বোরের গুলি, চারটে ম্যাগাজিন বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় অসীম সরকারের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হানা দেওয়ার আগে ওই বাড়িতে পাপাই ঘোষ ও অসীম সরকার ছিল। পুলিশকে দেখে ওই দু’জন পালিয়ে যায়। তাদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।’
যদিও কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মজুত করে রেখেছিল কেন তাও তদন্ত করে দেখছে পুলিশ। পলাতক দু’জনে বহরমপুর শহরের সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত।
Kolkata,West Bengal
