Last Updated:
West Bengal Madhyamik WBBSE Class 10th Result 2026: ২০২৬-এর মাধ্যমিকের মেধাতালিকায় কোচবিহারের ৭ জন পড়ুয়ার নাম। ষষ্ঠ থেকে দশম স্থানের মধ্যে একাধিক কৃতী ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে।
কোচবিহারঃ শুক্রবার প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফলঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ্যে আসতেই কোচবিহার জেলায় খুশির জোয়ার। কারণ প্রথম দশে স্থান করে নিয়েছে জেলার ৭ জন কৃতী পড়ুয়া।
এবারের মেধাতালিকায় প্রথম দশে কোচবিহারের ৭ জন ছাত্রছাত্রীর নাম রয়েছে। তাঁদের মধ্যে অন্যতম গোপালনগর এম এস এস হাই স্কুলের পড়ুয়া দীপ্তরাগ নাথ। এবারের মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে সে। প্রাপ্ত নম্বর ৬৯২। একই নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে ওই স্কুলের ছাত্রী সুচিস্মিতা পণ্ডিত এবং ঘোকসাডাঙা প্রামাণিক হাই স্কুলের পড়ুয়া রৌনক মিত্র। জানা গিয়েছে, মাধ্যমিকের মেধাতালিকায় ষষ্ঠ স্থানাধিকারী সুচিস্মিতা ভবিষ্যতে ডাক্তার হতে চায়।
৬৯১ নম্বর পেয়ে মাধ্যমিকে সপ্তম হয়েছে দিনহাটা গার্লস হাই স্কুলের স্নেহস্মিতা বর্মন। ৬৮৯ পেয়ে আবার নবম স্থান অধিকার করেছে মাথাভাঙা গার্লস হাই স্কুলের ছাত্রী সৃজা দেবনাথ।
মেধাতালিকার দশম স্থানেও জ্বলজ্বল করছে কোচবিহারের আরও দুই কৃতী পড়ুয়ার নাম। তাঁরা হলেন শ্রেয়সী সাহা ও সৌগত পাল। এই দু’জনেই গোপালনগর এম এস এস হাই স্কুলের পড়ুয়া। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৮। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় এবারের মাধ্যমিকে দশম স্থানাধিকারী সৌগত।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
