Last Updated:
West Bengal Madhyamik WBBSE Class 10th Result 2026: মাধ্যমিকের মেধাতালিকায় বীরভূমের জয়জয়কার। ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম দুবরাজপুরের শর্মিষ্ঠা গড়াই। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট ও ছবির নেশা থাকলেও তার মূল লক্ষ্য দেশের সেবা করা ও বায়ুসেনায় যোগ দেওয়া।
দুবরাজপুর, বীরভূম: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই বীরভূম জেলায় খুশির জোয়ার। এবছর জেলার ফলাফল এক অনন্য নজির সৃষ্টি করেছে, যেখানে প্রথম দশজনের মেধাতালিকায় বীরভূমেরই ছয়জন ছাত্রছাত্রী নিজেদের জায়গা করে নিয়েছে। এই অভাবনীয় সাফল্যের অন্যতম কারিগর দুবরাজপুরের লালবাজার এলাকার বাসিন্দা শর্মিষ্ঠা গড়াই। আজ শুক্রবার ফলাফল ঘোষণার পর দেখা যায়, শর্মিষ্ঠা ৬৯০ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে। সে দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরের ছাত্রী।
নিজের এই অসামান্য সাফল্যের পিছনে শর্মিষ্ঠা যেমন শিক্ষক-শিক্ষিকা এবং পরিবারের সহযোগিতার কথা জানিয়েছে, তেমনই নিজের কঠোর পরিশ্রমকেও সমান গুরুত্ব দিয়েছে। শর্মিষ্ঠার মতে, সাফল্যের জন্য সঠিক গাইডেন্স বা সাহায্য অবশ্যই প্রয়োজন, কিন্তু নিজের একাগ্রতা ও পরিশ্রম ছাড়া এমন ফল করা অসম্ভব। তার কথায়, “সবাই আমাকে অনেক সাহায্য করেছেন ঠিকই, কিন্তু নিজের অবদানকেও আমি অস্বীকার করতে পারি না। কারণ দিনের শেষে পরিশ্রমটা আমাকেই করতে হয়েছে।”
পড়াশোনার বাইরেও শর্মিষ্ঠার এক বহুমুখী প্রতিভা রয়েছে। সে যেমন ছবি আঁকতে ভালবাসে, তেমনই গানের প্রতিও তার গভীর টান রয়েছে। তবে তার অবসর সময়ের অন্যতম প্রিয় নেশা হল ক্রিকেট খেলা দেখা। মাঠের লড়াই তাকে অনুপ্রেরণা জোগায়। তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা আরও অনেক বেশি রোমাঞ্চকর এবং দেশপ্রেমিক। শর্মিষ্ঠার স্বপ্ন সে বড় হয়ে ভারতীয় সেনাবাহিনীর বায়ুসেনা বা এয়ার ফোর্সে যোগ দেবে। দেশের আকাশ পাহারা দেওয়ার যে অদম্য ইচ্ছা তার মনে রয়েছে, এই সাফল্য তাকে সেই স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে দিল। বীরভূমের এই কৃতী কন্যার সাফল্যে আজ গর্বিত গোটা দুবরাজপুর।
Birbhum,West Bengal
WB Madhyamik Result 2026: ৬৯০ নম্বর পেয়ে বাজিমাত! কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, রাজ্যের মেধাতালিকায় অষ্টম বীরভূমের শর্মিষ্ঠার লক্ষ্য ‘এয়ার ফোর্স’
