কলকাতা: নন্দীগ্রাম ও ভবানীপুরে জিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari) । আর ভোটে জয়ের পরই নন্দীগ্রামে ফিরে একাধিক আশ্বাসও দিয়েছেন তিনি। আর তার ফলে প্রত্যাশাও বেড়ে গিয়েছে অনেকটা। দিন বদলের স্বপ্ন দেখছেন স্থানীয় শেখ সুলেমান, অমিত কুমার খাঁড়া বা আলমগীর হোসেনরা।
আরও পড়ুন: আগামিকাল বিশেষ বৈঠকে শুভেন্দু অধিকারী, নবান্নের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার
“আমার এলাকার দাদা মুখ্যমন্ত্রী”, বলছেন হলদিয়ার শেখ সুলেমান। তাঁর গলায় শোনা গেল শুভেন্দুর বিশ্বাস যোগ্যতার কথাও। “দাদা কথা দিয়ে কথা রাখেন। তারপর কাজ, যেটা বলেন সেটাই করেন”, বলছেন সুলেমান। হলদিয়ার আরও এক বাসিন্দা অমিত কুমার খাঁড়া বলছেন, “১০০ শতাংশ হলদিয়া – নন্দীগ্রাম ব্রিজ হবেই। এই ব্রিজ হলে মানুষের যাতায়াতের সুবিধা হবে।”
সেই ২০০৭ সাল থেকে নন্দীগ্রামের সঙ্গে জুড়ে রয়েছে শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari) নাম। আর এই সম্পর্ক আরও শক্তিশালী হয় ২০২১ সালে শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে জয়ের পর থেকেই। পরপর দুই বার শুভেন্দু অধিকারীকে ঢেলে ভোট দিয়েছে নন্দীগ্রাম। আর তিনিই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরই তাঁর উপর প্রত্যাশাও অনেকটা বেড়েছে নন্দীগ্রামের মানুষের।
নন্দীগ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলছেন, “নন্দীগ্রামের জেলার ছেলে হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এটা তো গর্বের বিষয়। নতুন করে সূর্যের আলো আবার উদ্ভাসিত হবে। আশা পূরণ হবেই। বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। শুভেন্দুবাবু আশা পূরণ করার লোক।”
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর তাতে খুশি পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি। তিনি বলছেন, যোগ্য ব্যক্তিই বসেছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। কতটা খুশি পাঁশকুড়া পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক? ফিরোজা বিবি বলছেন, “মনে আনন্দ হচ্ছে।” তবে একই সঙ্গে তিনি সতর্কও করছেন শুভেন্দুকে। বলছেন, “তবে আমার আশা এইটুকু, যে উনি যেন সম্মানের সঙ্গে রাজ ধর্ম পালন করেন।”
যোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন বলছেন ফিরোজা বিবি। একই সঙ্গে তিনি সতর্কও করছেন যে যোগ্যতার প্রমাণ করতে হবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি বলছেন, “শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন, যোগ্য মানুষ তার আসন পেয়েছেন ঠিকই। তবে আমি বারে বারে বলছি যোগ্যতা প্রমাণ করতে হবে।”