Last Updated:
Israel Flight : ১৮০ জন যাত্রী নিয়ে দুবাই থেকে উড়েছিল সেই বিমান। তার পর মাঝআকাশে দেখা দেয় চরম আতঙ্ক। আর তার ফলে বিমানটি হাইজ্যাক হওয়ার গুজব ছড়ায়।
তাবুক : দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাই দুবাই’ (flydubai)-এর একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানে মাঝআকাশে ভয়াবহ আতঙ্ক ও বিশৃঙ্খলা। উত্তর সৌদি আরবের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানটি হঠাৎ জরুরি অবস্থা ঘোষণা করে দিক পরিবর্তন করতে বাধ্য হয়। প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে বিমানটি পরবর্তীতে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।
ককপিটে বিবাদের জল্পনা ছড়ায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ (Flightradar24)-এর তথ্য অনুযায়ী, উড়ন্ত অবস্থায় বিমানটির মধ্যে হঠাৎ চরম গোলযোগ দেখা দেয়। ককপিট থেকে ট্রান্সপন্ডারের মাধ্যমে জরুরি সিগন্যাল ‘৭৭০০’ পাঠানো হয়। ট্র্যাকিং ডেটায় দেখা যায়, বিমানের গতিবেগ এবং উচ্চতায় দ্রুত পরিবর্তন ঘটে এবং এটি স্বাভাবিকের চেয়ে বেশ কম উচ্চতায় (প্রায় ১৫,০০০ ফুট) উড়তে থাকে।
কিছু সময় পর বিমানটি গায়েব হয়ে যায় ট্র্যাকিং সাইট থেকে। তবে একাধিক প্রতিবেদন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রে জানা গেছে, ককপিটে দুই পাইলটের মধ্যে প্রচণ্ড হাতাহাতি ও বিবাদের কারণেই এই আপৎকালীন সিগন্যাল সক্রিয় করা হয়েছিল। বিমানটি কোনও সন্ত্রাসবাদী বা ছিনতাইয়ের ঘটনার শিকার হয়নি বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ইসরায়েলে জরুরি তৎপরতা ঘটনার খবর পৌঁছতেই মধ্যপ্রাচ্যের আকাশসীমায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ইসরায়েলের নিরাপত্তা জোরদার করতে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর (IAF) ফাইটার জেট স্কোয়াড্রন প্রস্তুত করা হয়। একই সময়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ।
