Last Updated:
West Bengal Madhyamik WBBSE Class 10th Result 2026: স্কুল সূত্রে জানা গিয়েছে, এই যমজ ভাই-বোন একই স্কুলে, একসঙ্গে পড়াশোনা করে। তবে এর আগের কোনও পরীক্ষায় তাঁরা এক নম্বয় পায়নি।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ মাধ্যমিকে যমজ ভাই-বোনের নজরকাড়া ফলাফল তো মাঝেমধ্যেই শোনা যায়, কিন্তু এবারের ঘটনা যেন হার মানিয়েছে সিনেমার চিত্রনাট্যকেও! একই স্কুলে পড়াশোনা করে একই নম্বর পেয়ে নজির গড়ল যমজ ভাই-বোন। চাচন্ড বি.জে হাই স্কুলের ছাত্র কৌশিক বিশ্বাস ও ছাত্রী সুপ্রিয়া বিশ্বাস। দু’জনেই এবারের মাধ্যমিক পরীক্ষায় ৬১১ নম্বর পেয়েছে। নম্বরে হুবহু এই মিল দেখেই কার্যত তাজ্জব শিক্ষক থেকে অভিভাবক সকলেই।
স্কুল সূত্রে খবর, একই সঙ্গে বেড়ে ওঠা এবং একই স্কুলে পড়াশোনা করলেও এর আগের কোনও পরীক্ষায় কৌশিক ও সুপ্রিয়ার প্রাপ্ত নম্বর এমন হুবহু মিলে যায়নি। প্রধান শিক্ষক মিজাউর রহমান বলেন, “আমাদের স্কুলের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। অভাবনীয় এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। দুই ভাই-বোনেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
ফলাফল প্রকাশের পর থেকেই খুশির আমেজ বিশ্বাস পরিবারে। মা পিঙ্কি বিশ্বাস নিজের আবেগ ধরে রাখতে না পেরে বলেন, “ছেলে-মেয়ে দু’জনেই ভালভাবে পাশ করেছে, এটাই ছিল বড় স্বস্তি। কিন্তু দু’জনে যে একদম কাঁটায় কাঁটায় একই নম্বর পাবে, তা স্বপ্নেও ভাবিনি।”
নাতি ও নাতনির এই বিরল সাফল্যে চোখে জল গর্বিত দিদার। তাঁর কথায়, “ওরা ভাল ফল করবে জানতাম, কিন্তু এই নম্বর তো ঈশ্বরের আশীর্বাদ।” ফলপ্রকাশের পর থেকে এলাকার মানুষের মুখে এখন একটাই আলোচনা, এ যেন এক পরম বিস্ময়। একই পরিবার থেকে দুই কৃতীর এই সাফল্য শুধু স্কুল নয়, গোটা গ্রামের মুখ উজ্জ্বল করেছে। পরিবারের সদস্য ও স্কুল কর্তৃপক্ষের আশা, আগামী দিনেও তাঁরা এইভাবেই একে অপরের হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছবে।
Murshidabad,Murshidabad,West Bengal
WBBSE Madhyamik Result 2026: মাধ্যমিকে যমজ ভাই-বোনের কামাল! একই নম্বর পেয়ে তাক লাগাল কৌশিক ও সুপ্রিয়া, তাজ্জব শিক্ষক থেকে অভিভাবক সকলে