রায়পুর: প্রথম ছয় ম্যাচে জয়হীন থাকার পরে নাগাড়ে চার ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে দারুণভাবে ফিরে এসেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এমন পরিস্থিতিতে বুধবার কেকেআর মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (RCB vs KKR)। প্লে-অফের দৌড়ে থাকা দুই দলের এই লড়াইয়ে কোন দল দুই পয়েন্ট পাবে, তা কিন্তু প্লে-অফের ভাগ্য় নির্ধারণ করতে বড় ভূমিকা নেবে। তবে সেই ম্যাচের আগেই কেকেআর শিবিরে উদ্বেগ বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) নিয়ে।
বরুণ আইপিএলের মাঝপথেই চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। তবে তারপর থেকে দলে ফিরেই তাঁকে পুরনো ছন্দে দেখা যায়। বরুণ যেমন ফর্মে ফিরেছেন, তেমনই তাঁর সঙ্গে ভাগ্য বদলেছে কেকেআরেরও। এমন পরিস্থিতিতে তাঁকে একেবারেই হারাতে চাইবে না নাইটরা। তবে গত ম্য়াচের পরেই বরুণকে বাঁ-পায়ে লেগ সাপোর্ট নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল। এরপরেই তাঁর পরবর্তী ম্যাচে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
সেই বিষয়ে আরসিবি ম্য়াচের আগে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন (Shane Watson) জানান গত ম্যাচেই বরুণের আগের চোট বাড়ে। তাঁকে বলতে শোনা যায়, ‘ওর পরিস্থিতি আপাতত খতিয়ে দেখা হচ্ছে। গত ম্যাচের আগে ম্যাচে ওর পা ফুলে ছিল এবং গত ম্যাচে ও প্রচণ্ড ব্যথা অনুভব করে। সেই নিয়েই অবশ্য ও দারুণ বোলিং করেছিল। আশা করছি ও কালকের ম্য়াচে খেলতে পারবে, তবে সেই বিষয়ে আমরা এখন নিশ্চিত নই।’
আরও পড়ুন:- SRH-র বিপক্ষে অল্প রান ডিফেন্ড করতে নেমে রাবাডা, হোল্ডারদের আগুন বোলিংয়ে দুরন্ত জয় GT-র
ওয়াটসনের দাবি তাঁর দল থিতু হতে সময় নিয়েছে, তবে তাঁরা এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে এবং শেষ পর্যন্ত থাকতে পারে। ‘সত্যি বলতে আমরা ভবিষ্যতের কথা কিছু ভাবিইনি। কোনও কথাবার্তাও হয়নি আমাদের মধ্যে। টুর্নামেন্টের প্রথমার্ধে আমরা যে জায়গায় ছিলাম, সেখান থেকে এখন আমরা বিগত কয়েক ম্যাচে যে খেলাটা খেলেছি, সত্যি বলতে আমাদের দল এই যে একত্রিতভাবে পারফর্ম করছে, সেটা দেখাটা দারুণ বিষয়। আমরা আশাবাদী। অতীতেও তো এমন অনেক দল শুরুটা ভাল না করেও, ফাইনালে পৌঁছতে সক্ষম হয়েছে। আইপিএলের ইতিহাসে এমনটা তো হয়েছে, তাই এই বিষয়টা যে অসম্ভব নয়, সেটা আমরা জানি।’