Last Updated:
Nadia Accident: নদিয়ার রানাঘাট চূর্ণী ব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া লরি পিষে দিল গোটা পরিবারকে। লরির ধাক্কায় প্রাণ হারালেন এক দম্পতি এবং তাঁদের শিশু সন্তান।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ার রানাঘাট চূর্ণী ব্রিজের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য। মঙ্গলার রানাঘাটের চূর্ণী ব্রিজের উপর ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি দ্রুতগামী বড় লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও তাঁদের শিশু সন্তান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আনুমানিক দুপুর ২টো নাগাদ একটি মোটরসাইকেলে চড়ে ওই দম্পতি ও তাঁদের সন্তান চূর্ণী ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি বড় লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ঘাতক লরিটি বাইকটিকে বেশ কিছুটা পথ টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতির।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলের অদূরেই ছিলেন এক পথচারী। তিনি জানান, বাবা-মায়ের মৃত্যু হলেও শিশুটির শরীরে তখনও প্রাণ ছিল। তড়িঘড়ি স্থানীয় এক ব্যক্তির সাহায্যে বাইকে করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার জেরে কিছুটা সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় ফের যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই জেলায় দু’টি ভয়ানক পথ দুর্ঘটনা ঘটে। প্রথমটি, জামালপুর থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। প্রাণ হারান তিনজন। এরপরেই রানাঘাটে মঙ্গলবার দুপুরে মোটরবাইকে একই পরিবারের তিন আরোহীকেই পিষে দেয় একটি দানব লরি। স্বাভাবিকভাবেই একই দিনে দু’টি মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য গোটা জেলা জুড়ে।
Nadia,West Bengal
Nadia Accident: চূর্ণী ব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা! বেপরোয়া লরি পিষে দিল গোটা পরিবারকে, এক লহমায় নিভে গেল শিশু-সহ ৩ প্রাণ
