Last Updated:
East Bardhaman News: বেআইনি অস্ত্র রুখতে অ্যাকশন মোডে কাটোয়া পুলিশ। রাতভর সাঁড়াশি অভিযানে কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট থেকে ৩টি দেশীয় বন্দুক ও গুলি-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাটোয়া মহকুমা জুড়ে বেআইনি অস্ত্র ও দুষ্কৃতী দমনে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ব্যাপক তল্লাশি অভিযান চালাল পুলিশ। কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোটের বিভিন্ন এলাকায় একযোগে চালানো এই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গুলি ভর্তি তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র। ঘটনায় মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রহমত শেখ, ফুলবাবু শেখ ওরফে টোটা শেখ এবং শেখ মকবুল। রহমত শেখের বাড়ি কাটোয়ার গাঙ্গুলিডাঙা এলাকায়। ফুলবাবু শেখের বাড়ি কেতুগ্রাম থানার খাঁজি এলাকায় এবং শেখ মকবুলের বাড়ি মঙ্গলকোটের কল্যাণপুর এলাকায়। ধৃতদের বিরুদ্ধে আগেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে দাবি।
কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী জানান, মহকুমা এলাকায় বেআইনি অস্ত্র ও অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। আগামী দিনেও দুষ্কৃতী দমনে পুলিশি তৎপরতা আরও বাড়ানো হবে বলেও ইঙ্গিত দেন তিনি। পুলিশ আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং এর পিছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।মঙ্গলবার ধৃত তিনজনকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাঁদের সাত দিনের হেফাজতের আবেদন জানালেও আদালত প্রত্যেককে দু’দিন করে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। পুলিশের এই রাতভর অভিযানের পর এলাকায় স্বস্তির আবহ তৈরি হলেও বেআইনি অস্ত্রের দাপট নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে গোটা ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
