Last Updated:
বুধবার থেকে বিধানসভায় জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো শুরু হয়েছে৷ প্রথম দিন শপথ নেন ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারীও৷
বিধানসভায় চলছিল বিধায়কদের শপথ গ্রহণ৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশ দিয়েই শপথবাক্য পাঠ করতে যাচ্ছিলেন প্রবীণ তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়৷ ঠিক তখনই ব্যতিক্রমী মুহূর্তের সাক্ষী থাকল বিধানসভার অধিবেশন কক্ষ৷ প্রবীণ তৃণমূল বিধায়ক পাশ দিয়ে যাওয়ার সময় উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী৷ পাল্টা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন মালদহের রতুয়ার তৃণমূল বিধায়ক৷
বুধবার থেকে বিধানসভায় জয়ী বিধায়কদের শপথগ্রহণ শুরু হয়েছে৷ প্রথম দিন ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারীও৷
শপথবাক্য পাঠের জন্য মালদহের রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়েরও নাম ছিল তালিকায়৷ সমরবাবু যখন তাঁর পাশ দিয়ে শপথ নিতে যাচ্ছিলেন, তখনই তাঁকে দেখে উঠে দাঁড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ প্রবীণ তৃণমূলের বিধায়কের উদ্দেশে নমস্কারও করেন তিনি৷ পাল্টা শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান তৃণমূল বিধায়কও৷
পরে তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় বলেন, ‘১৯৮২ সালে প্রথম বার বিধানসভায় নির্বাচিত হয়েছিলাম৷ তখন শিশির অধিকারীও বিধায়ক ছিলেন৷ আজকে তাঁরই ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী৷ আমি ওকে বললাম দীর্ঘজীবী হও, ভাল করে কাজ করো৷ বাংলার মানুষ তোমাকে দায়িত্ব দিয়েছে৷ বাংলার মানুষের তোমার থেকে অনেক প্রত্যাশা৷’
বুধবার বিধানসভার এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই স্পষ্ট হয়ে যায়, ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই থাকছেন শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তিনি৷ তবে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিধায়ক না থাকলেও আগামী পাঁচ বছর নন্দীগ্রামের মানুষের পাশেই থাকবেন তিনি৷
Kolkata,West Bengal
