Last Updated:
Pathar Pratima Accident: পাথরপ্রতিমার ফেরিঘাট ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা। প্রচণ্ড গতিতে ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে পড়ে যায় বাইক। ২ জনের মৃত্যু। গুরুতর আহত হন ২ জন। হেলমেট ছিল না কারুর মাথায়।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পাথরপ্রতিমার (Pathar Pratima)
ফেরিঘাট ব্রিজে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২। ব্রিজের ঢাল থেকে নিচে পড়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ফেরিঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন অবস্থায় চারজন প্রচণ্ড গতিতে ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর ২ জনের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখার দাবি তুলেছেন স্থানীয়রা।
দুর্ঘটনার ফলে আহত ও নিহত প্রত্যেকের বাড়ি রায়দিঘি বিধানসভার কুমড়োপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। তবে তাদের নাম এখনও জানা যায়নি। দুর্ঘটনা ঘটার সময় প্রচণ্ড জোরে শব্দ হয়। এরপর কাছে থাকা মানুষজন দৌড়ে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। চারজনকে পাথরপ্রতিমার গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। অপর ২ জনের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের তৎক্ষণাৎ ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান গাড়িতে অতিরিক্ত গতি থাকার কারণে এই ঘটনা ঘটেছে। আহতরা সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
South Twenty Four Parganas,West Bengal
May 14, 2026 11:48 AM IST
Pathar Pratima Accident: পাথরপ্রতিমার ফেরিঘাট ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা! প্রচণ্ড গতির বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ল নিচে, মৃত ২, আশঙ্কাজনক ২
