Last Updated:
Business Idea: অল্প পুঁজিতে স্বনির্ভর হওয়ার স্বপ্ন সফল করছেন বসিরহাটের খুরসিদ আলম। বৈদ্যুতিক ইনকিউবেটরের সাহায্যে ১৫ দিনে কোয়েলের ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে লাভের মুখ দেখছেন তিনি।
বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: ইনকিউবেটর মেশিনে কোয়েল পাখির বাচ্চা তৈরি, স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন বসিরহাটের যুবক। অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে স্বনির্ভর হওয়ার স্বপ্ন এখন অনেক যুবকের। আর সেই পথই দেখাচ্ছেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের আমটনা এলাকার যুবক খুরসিদ আলম। আধুনিক ইনকিউবেটর মেশিনের মাধ্যমে ডিম ফুটিয়ে কোয়েল পাখির বাচ্চা তৈরি করে বিক্রি করে তিনি গড়ে তুলেছেন লাভজনক উদ্যোগ।
খুরসিদ আলম জানান, বৈদ্যুতিক ইনকিউবেটর মেশিনের সাহায্যে কোয়েল পাখির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করতে প্রায় ১৫ দিন সময় লাগে। এরপর সেই বাচ্চা বাজারে প্রতিটি ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি করা হয়। অল্প পুঁজিতেই এই ব্যবসা শুরু করা সম্ভব। প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা বিনিয়োগ করেই একজন নতুন উদ্যোক্তা এই কাজ শুরু করতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, কোয়েল পাখি এ রাজ্যের আবহাওয়ার সঙ্গে খুব সহজেই মানিয়ে নিতে পারে। এছাড়া এই পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য অনেক হাইব্রিড জাতের তুলনায় বেশি। সাধারণ আবহাওয়ার পরিবর্তনেও কোয়েল পাখির তেমন ক্ষতি হয় না। ফলে কম খরচে ও কম ঝুঁকিতে এই পাখি পালন করা সম্ভব। বর্তমানে বাজারে কোয়েল পাখি ও এর ডিমের চাহিদা বাড়তে থাকায় ব্যবসার সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। ফলে বেকার যুবকদের কাছে কোয়েল পাখি পালন এবং ইনকিউবেটর মেশিনের মাধ্যমে বাচ্চা উৎপাদন স্বনির্ভর হওয়ার এক নতুন দিশা হয়ে উঠছে।
North Twenty Four Parganas,West Bengal
Business Idea: বসিরহাটের যুবকের দুর্দান্ত ‘বিজনেস আইডিয়া’! মাত্র ৮ হাজার টাকা বিনিয়োগে ইনকিউবেটর ম্যাজিকেই প্রতিমাসে মিলছে ১০ হাজারের বেশি লাভ