Last Updated:
Rathindra Bose: কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুর পৈতৃক ভিটে কোচবিহারের দেবীবাড়ি এলাকায়। সেখানেই থাকেন তাঁর মা ছায়াদেবী (৮৪)।
কোচবিহারঃ রাজ্য বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসু। তাঁর এই সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়লেন মা ছায়া বসু। ছেলে বিধানসভার স্পিকার হয়েছে শুনে ভীষণ আনন্দ হচ্ছে বলে জানান তিনি।
কোচবিহার দক্ষিণের বিধায়কের পৈতৃক ভিটে কোচবিহারের দেবীবাড়ি এলাকায়। সেখানেই থাকেন তাঁর মা ছায়াদেবী (৮৪)। ছেলে রাজ্য বিধানসভার স্পিকার হয়েছে শুনে তাঁর চোখে আনন্দাশ্রু ফুটে ওঠে। বলেন, এতকিছু যে দেখতে পাব সেটা কোনও দিন ভাবিনি।
অতীতের স্মৃতিচারণা করে ছায়াদেবী বলেন, ৩ বছর বয়সে ওঁকে (রথীন্দ্র বসু) পাটাকুড়ার এক প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করি। এরপর ৫ বছর বয়সে রামভোলা হাই স্কুলে ভর্তি করা হয়। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর পর কলেজ স্তরের পড়াশোনা শেষ করে ও কলকাতায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি নিয়ে পড়তে যায়। পড়াশোনা সম্পন্ন হওয়ার পর ডিগ্রি নিয়ে ফিরে আসে।
ছায়াদেবী জানান, ফার্মের জন্য রথীন্দ্রবাবু শিলিগুড়িতে থাকলেও বাড়ির সঙ্গে যোগাযোগ অটুট রেখেছেন। ছেলে প্রত্যেক মাসে কোচবিহার আসতেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রথীন্দ্র বসু প্রথমবারের বিধায়ক। হাইভোল্টেজ কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে টেক্কা দিয়ে ২৩ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন তিনি। এবার তাঁর কাঁধে বিধানসভার স্পিকারের দায়িত্ব তুলে দেওয়া হল।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
