Last Updated:
Mithun on Suvendu: নিউটাউনে মিঠুন চক্রবর্তীর কাছে নিজে গিয়ে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
কলকাতা: শনিবার ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ প্রথমে ডায়মন্ড হারবারে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচি, তারপরে সেখান থেকে নন্দীগ্রামে যাওয়ার কথা তাঁর৷ এদিন বেলা ১১টা নাগাদ মিঠুন চক্রবর্তীর নিউটাউনে ফ্ল্যাটে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের দু’জনের মধ্যে৷ সৌজন্য সাক্ষাৎ সেরে সাংবাদিকদের মুখোমুখিও হন দু’জনে৷
স্টার ক্যাম্পেইনার হিসাবে ছাব্বিশের নির্বাচনে মিঠুন চক্রবর্তী একাধিক মিটিং মিছিলে অংশগ্রহণ করেছিলেন। সূত্রের খবর, পালাবদলের পর সৌজন্য সাক্ষাৎ করতেই মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
এদিন মিঠুন চক্রবর্তীকে পাশে নিয়ে শুভেন্দু বলেন, ‘‘উনি নিরলস পরিশ্রম করেছেন, চেষ্টা থেকে শুরু করে লড়াই, সংগ্রাম করেছেন। তার স্বপ্নপূরণ হয়েছে বাংলায় সরকারের শপথ গ্রহণ করার পর। এখানকার রাষ্টবাদীদের বাঁচানোর জন্য মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পরিশ্রম করেছেন মিঠুন চক্রবর্তী।’’
শুভেন্দু বলেন, ‘‘নির্বাচনের আগে তিনি আট দশ মাস সাংগঠনিক কাজ করেছেন। দল দিলেও তিনি পদ নেন না। আজ আমি মুখ্যমন্ত্রী হয়েছি বিজেপি নমিনেট করেছে। নেপথ্য কারিগরদের মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম।’’
অন্যদিকে, শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে মিঠুন চক্রবর্তী বলেন, ‘‘এর থেকে ভাল মুখ্যমন্ত্রী বাংলায় হতে পারে না। আমরা ব্লেসড। যেদিন থেকে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সেদিন থেকে কাজ করছেন। আগামী দিনে আরও ভাল কাজ করবেন শুভেন্দু অধিকারী৷’’
প্রসঙ্গত, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হয়েছিলেন মিঠুন৷ কিন্তু, ২০১৬ সালে মিঠুন রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দেন৷ একুশের বিধানসভা নির্বাচনের আগে ৭ মার্চ যোগ দেন বিজেপিতে৷
শনিবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেই ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
May 16, 2026 11:49 AM IST
