Last Updated:
Rathindra Bose: দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর আড়িয়াদহ আদ্যাপীঠ মন্দিরে গিয়ে সস্ত্রীক অন্নদা মায়ের ভোগ খেলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস৷ পাশাপাশি আশীর্বাদ নিলেন ব্রহ্মচারী মুরাল ভাইয়ের৷
কলকাতা: শুক্রবারই রাজ্যের বিধানসভার নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নিয়েছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু৷ রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর শনিবার, দক্ষিণেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো দিতে এলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস।
পুজো দিয়ে বেরিয়ে স্পিকার জানালেন, ‘‘মা কালীকে আমরা পুজো করি। সনাতনী হিন্দু ধর্মকে বাঁচিয়েছেন মা কালী। দেশে এমন কোনও রাজ্য নেই পশ্চিমবঙ্গ ছাড়া যেখানে বিরোধী দলনেতাকে এগারো মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের সরকারের সময় বিরোধীরা কথা বলার সুযোগ পাবে৷’’
দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পর আড়িয়াদহ আদ্যাপীঠ মন্দিরে গিয়ে সস্ত্রীক অন্নদা মায়ের ভোগ খেলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস৷ পাশাপাশি আশীর্বাদ নিলেন ব্রহ্মচারী মুরাল ভাইয়ের৷
প্রসঙ্গত, সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম উত্তরবঙ্গের কোনও বিধায়ককে স্পিকার হিসাবে পেল বাংলা৷ বিজেপির পরিষদীয় দলের পক্ষ থেকে কোচবিহার দক্ষিণের বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসাবে বেছে নেওয়া হয়েছে৷ আসুন এক ঝলকে জেনে নেওয়া যাক বিধানসভার নতুন স্পিকার সম্পর্কে৷
স্পিকার রথীন্দ্র বসু কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, তিনি দলের প্রবীণ নেতা। এবারই প্রথম বিধায়ক। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ সংকলিত একটি বই লেখেন তিনি। বর্তমানে দলের রাজ্য কমিটির সহ-সভাপতি।
দীর্ঘদিন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি।
উত্তরবঙ্গ থেকে প্রথম কেউ স্পিকার হওয়ায় খুশির আবহ উত্তরবঙ্গ জুড়ে! স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজনীতির আঙিনায় খুব একটা পুরনো নন তিনি। সঙ্ঘের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বহু পুরনো। ১৯৭৪-৭৫ সাল থেকে সঙ্ঘের সঙ্গে যুক্ত হন রথীন্দ্র। আর রাজনীতির আঙিনায় আবির্ভাব ২০১১-২০১২-তে। ১১-১২তে জেলা কমিটির সদস্য হন। ১২-১৩-তে রাজ্য কমিটির সদস্য হন। ওই বছরেই জলপাইগুড়ি জেলার পর্যবেক্ষক হন। ২০১৪-২০১৫ পর্যন্ত শিলিগুড়ি জেলা বিজেপির সভাপতি নির্বাচিত হন।
Kolkata,West Bengal
