Last Updated:
Suvendu Adhikari: শনিবার ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বার্তা দেন, এতদিন শাসকের আইন চলত, এবার থেকে আইনের শাসন চলবে৷
ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে শনিবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান তিনি।
পুলিশ প্রশাসন নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ শৃঙ্খলাপরায়ণ বাহিনী৷ সরকার তাদের স্বার্থ দেখবে, পুলিশও আইনের শাসন প্রতিষ্ঠা করবে৷ এতদিন শাসকের আইন চলত, এবার থেকে আইনের শাসন চলবে”৷
সেই সঙ্গে রাজ্য জুড়ে সব রকম তোলাবাজি রুখতে কড়া বার্তা দেন শুভেন্দু। অবৈধ টোল প্লাজা থেকে টোল আদায় করা যাবে না বলে নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে অটো, টোটো বা হকারদেরও কোনও রকম তোলা না দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন যদি এই রকম তোলাবাজির শিকার কেউ হন তা হলে সেই ব্যক্তিকে পুলিশের কাছে অভিযোগ জানানোর কথা বলেন তিনি। সেই সঙ্গে তোলাবাজির অভিযোগ পেলেই পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘কোনও পুলিশের গায়ে হাত দিলে সেটা শাস্তি দেওয়া হবে।’’ পাশাপাশি, তাঁর বার্তা, ‘‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের যে স্বরূপ দেখা গেছে, সেটা পার্টির অর্গানাইজেশনে পরিণত হয়েছে। শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউতের নাম জানা৷ পুলিশ ওয়েল ফেয়ার বোর্ড আজ ভেঙে দিলাম আমরা।’’
মুখ্যমন্ত্রী জানান, গত এক সপ্তাহে একাধিক অর্ডার পাস হয়েছে। এবার থেকে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী পুলিশ চলবে। গত পাঁচ বছরে রাজনৈতিকভাবে যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের তথ্য-প্রমাণ থাকলে বা না থাকলেও পুলিশ তদন্ত করে নতুন করে FIR নেবে। এদিনের সাংবাদিক বৈঠকের পরে রাজনৈতিক হিংসায় আক্রান্ত, পুলিশের নিচুতলার কর্মী বা যে কোনও পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, এবং যে সব মহিলা থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেননি, তাঁরা নতুন করে অভিযোগ দায়ের করতে পারবেন। পুলিশকে তদন্ত করে ব্যবস্থা করতে হবে। হাজারো হাজারো মিথ্যা অভিযোগ করলে BNS-এর ধারা অনুযায়ী পদক্ষেপ হবে বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
