উত্তর ২৪ পরগনা: অনুপ্রবেশে ‘জিরো টলারেন্স’, কাঁটাতারের জন্য জমি দেখতে বনগাঁয় মন্ত্রী অশোক কীর্তনিয়া। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে BSF-কে জমি হস্তান্তরের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেখতে গেলেন বনগাঁয় মন্ত্রী অশোক কীর্তনিয়া।
আরও পড়ুন, তিলজলায় অগ্নিকাণ্ডের পর ফের এল খারাপ খবর, ন্যাশনাল মেডিক্যালে মৃত্যু যুবকের ! মৃত বেড়ে ৩
“অনুপ্রবেশ রুখতে ৪৫দিনেই বিএসএফকে জমি হস্তান্তর করা হবে..”
বিজেপি ক্ষমতায় আসতেই, সীমান্তে কেটেছে জমি-জট। অনুপ্রবেশ রুখতে ৪৫দিনেই বিএসএফকে জমি হস্তান্তর করা হবে, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে কাঁটাতার বসানোর পথ থেকে কাঁটা তুললেন শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষার জন্য় BSF-কে জমি হস্তান্তরে অনুমোদন দিল তাঁর মন্ত্রিসভা। ৪৫ দিনের মধ্যেই তা কার্যকর করা হবে বলে জানালেন মুখ্য়মন্ত্রী।
“আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন…”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে। আজ থেকেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব, তাঁকে এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হল ৪৫ দিনের মধ্যে BSF-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। নতুন সরকারের এই সিদ্ধান্তে খুশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। মালদার শুকদেবপুর বাসিন্দা দীপঙ্কর রায় বলেন, অধিকারী মহাশয়, আমাদের যে মুখ্য়মন্ত্রী, তিনি ৪৫ দিনের কথা দিয়ে, ৪৫ দিনের মধ্য়ে তার-বেড়া করেই দেখাবে।
এবারের বিধানসভা ভোটে অন্য়তম গুরুত্বপূর্ণ ইস্য়ু ছিল অনুপ্রবেশ
এবারের বিধানসভা ভোটে অন্য়তম গুরুত্বপূর্ণ ইস্য়ু ছিল অনুপ্রবেশ। সেই প্রসঙ্গেই এরাজ্য়ে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার অভিযোগ করেছেন, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য় জমি দেয়নি তৎকালীন তৃণমূল সরকার। রাজ্য়ে ক্ষমতায় এসেই অনুপ্রবেশ আটকানোর পথে সেই কাঁটা উপড়ে ফেলল বিজেপি।
“BSF যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে “
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘BSF যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ভূমি দফতর কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য অভারতীয়, অবৈধ,অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দফতরকে কাজ করতে দেয়নি। আমরা জমি দফতরকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি।’