Last Updated:
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দীর্ঘদিন বন্ধ থাকা একটি পেট্রল পাম্পে কাজ করার সময় হঠাৎ ভয়াবহ আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তেই গুরুতর জখম হন তিন কর্মী। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
সুকান্ত চক্রবর্তী,ঘাটাল পশ্চিম,মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্ধ পড়ে থাকা একটি পেট্রল পাম্পে কাজ চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আচমকাই আগুন লেগে গুরুতর জখম হয়েছেন তিন কর্মী। ঘটনার পর তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বরদা রথীপুর এলাকায় অবস্থিত ‘মা শীতলা’ নামে একটি পেট্রল পাম্প দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। বহুদিন ধরে পাম্পটি অচল থাকায় সেখানে নিয়মিত কোনও কাজকর্মও চলত না। তবে রবিবার হঠাৎ করেই পাম্পের পুরনো তেল সংরক্ষণকারী ট্যাঙ্কারগুলি পরিষ্কার ও সেখান থেকে অবশিষ্ট তেল তোলার কাজ শুরু হয়।
অভিযোগ, ট্যাঙ্কারের ভিতরে জমে থাকা জল ও তেল বের করার জন্য একটি পাম্প মেশিন চালানো হচ্ছিল। সেই সময়েই আচমকা বিকট শব্দের সঙ্গে আগুন লেগে যায় বলে দাবি স্থানীয়দের। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়। আগুনের তীব্রতায় ঘটনাস্থলে থাকা তিন কর্মী গুরুতরভাবে দগ্ধ হন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, ট্যাঙ্কারের ভিতরে জমে থাকা দাহ্য গ্যাস বা তেলের সংস্পর্শে কোনও যান্ত্রিক স্পার্ক থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
অন্যদিকে, এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পেট্রল পাম্পে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল। যথাযথ সতর্কতা ছাড়াই ট্যাঙ্কার পরিষ্কারের কাজ শুরু করাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি।
ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। দমকল ও পুলিশ আধিকারিকরা পুরো ঘটনার খতিয়ে দেখছেন। আহত কর্মীদের শারীরিক অবস্থার উপরও নজর রাখা হচ্ছে হাসপাতাল সূত্রে।
Paschim Medinipur,West Bengal
