Last Updated:
East Bardhaman News: এক সময় সমগ্র রাঢ়বঙ্গের একমাত্র এবং অন্যতম প্রধান সংগ্রহশালা হিসেবে পরিচিত ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত বহু মূল্যবান ঐতিহাসিক সামগ্রী ও প্রাচীন নিদর্শন আজও সযত্নে সংরক্ষিত রয়েছে এখানে।
বর্ধমান,সায়নী সরকার: এক সময় সমগ্র রাঢ়বঙ্গের একমাত্র এবং অন্যতম প্রধান সংগ্রহশালা হিসেবে পরিচিত ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা। বীরভূম, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত বহু মূল্যবান ঐতিহাসিক সামগ্রী ও প্রাচীন নিদর্শন আজও সযত্নে সংরক্ষিত রয়েছে এখানে। ইতিহাস কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তাকে জীবন্ত রূপ দেয় সংগ্রহশালা।
বর্তমান প্রজন্মের কাছে ইতিহাসের সেই গভীর গুরুত্ব ও ঐতিহ্যকে তুলে ধরতে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায়।আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে এবারের মূল ভাবনা হল ‘বিভাজিত বিশ্বকে একতাবদ্ধ করে সংগ্রহশালা’। এই বিশেষ দিনটিকে সামনে রেখেই এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শঙ্কর কুমার নাথ। সংগ্রহশালার গুরুত্ব সম্পর্কে পরবর্তী প্রজন্মকে অবগত করাই এই দিনে আলোচনার মূল উদ্দেশ্যে ছিল বলে জানান গবেষক ও অধ্যাপক সর্বজিৎ যশ।
তিনি বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই সংগ্রহশালার বয়স প্রায় ৫০ বছর। এক সময় এখানেই ছিল বর্ধমান রাজবাড়ির নাচ ঘর। সময়ের নিয়মে কিছু প্রাচীন সামগ্রী নষ্ট হয়ে গেলেও, আজও এখানে রয়েছে বহু প্রাচীন মূর্তি, দুষ্প্রাপ্য ছবি ও ঐতিহাসিক উপাদান। রাঢ়বঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সংগ্রহশালা এটি। ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে এটি রাঢ়বঙ্গের ঠিক মধ্যস্থলে অবস্থিত হওয়ায় একসময় শুধু বর্ধমান নয়, পার্শ্ববর্তী বীরভূম, হুগলি সহ বিভিন্ন জেলা থেকে সংগৃহীত ঐতিহাসিক বস্তু এখানেই স্থান পেত।
এর অনেক পরে বীরভূম, মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় আলাদা সংগ্রহশালা গড়ে ওঠে। অথচ বর্তমান প্রজন্মের অনেকেই এই সমৃদ্ধ ইতিহাস ও সংগ্রহশালার গুরুত্ব সম্পর্কে অবগত নন। তাই সকলকে অবগত করতে এবং তরুণ প্রজন্মকে সংগ্রহশালার গুরুত্ব বোঝাতে এই বিশেষ আয়োজন। এদিনের অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিলীপ দত্তগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামসুন্দর বেরা সহ ইতিহাস বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থিত ছাত্রছাত্রী ও গবেষকদের মধ্যে এক নতুন ঐতিহাসিক চেতনার সঞ্চার করে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
East Bardhaman News: চোখের সামনে জীবন্ত ইতিহাস, আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে বিশেষ উদ্যোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে! বড় বার্তা দিলেন উপাচার্য