Last Updated:
Chandranath Rath Case Arrest: চন্দ্রনাথ রথ হত্যা মামলায় বড় অগ্রগতি, উত্তরপ্রদেশ থেকে ধৃত শার্প শুটার চক্রের সদস্য রাজকুমার সিং। কেন্দ্রীয় গোয়েন্দাদের বড় সাফল্য।
মুজফফরপুর: শুভেন্দু অধিকারীর পিএ খুনে বড় সাফল্য, উত্তরপ্রদেশ থেকে ধৃত অভিযুক্ত রাজকুমার সিং। সিবিআই এবং মুজফ্ফরনগর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে মামলার অন্যতম অভিযুক্ত রাজকুমারকে।
তদন্তকারী সূত্রে খবর, উত্তরপ্রদেশের বালিয়া জেলার রসড়া রতনপুর সাঁওরা এলাকার বাসিন্দা রাজকুমার হরিদ্বার থেকে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল। সেই সময় এনএইচ-৫৮ হাইওয়ের ছপ্পার টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চন্দ্রনাথ রথ খুনের দিন থেকেই অভিযুক্তের মোবাইল ফোন বন্ধ ছিল বলে জানা গিয়েছে। বর্তমানে সিবিআই এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ দল উত্তরপ্রদেশের বলিয়া জেলায় আরও কয়েকজন সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এর আগেই এই মামলায় ঠাকুর রাজ সিংহ-সহ তিন জন শার্প শুটারকে গ্রেফতার করা হয়েছিল।
উল্লেখ্য, গত ৬ মে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া লেনে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের মাত্র দু’দিন পর ঘটে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুলিশ সূত্রে খবর, চন্দ্রনাথের এসইউভি গাড়িকে প্রথমে একটি রুপোলি রঙের গাড়ি আটকে দেয়। এরপর বাইকে করে আসা সশস্ত্র দুষ্কৃতীরা খুব কাছ থেকে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থল থেকে আততায়ীরা দ্রুত পালিয়ে যায়।
Kolkata,West Bengal
May 18, 2026 10:17 PM IST
