Last Updated:
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির পর খরচ এবং জ্বালানির অপচয় বন্ধ করতেই ঘোড়ায় চড়ে জনগণনার কাজ সারছেন ঝাড়খণ্ডের স্কুল শিক্ষক৷
বর্তমান পরিস্থিতিতে জ্বালানি অপচয় না করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইরান-আমেরিকা যুদ্ধের জেরে জ্বালানির অপচয় বন্ধ করার প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন সাধারণ মানুষও৷ এই পরিস্থিতিতে পেট্রোল বাঁচাতে বাইকের বদলে ঘোড়ায় চড়ে জনগণনার কাজ সারছেন এক স্কুলশিক্ষক৷
অভিনব এই কাণ্ড ঘটিয়েছেন ঝাড়খণ্ডের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মুন্নাপ্রসাদ গুপ্ত৷ পেশায় স্কুল শিক্ষক ৪৩ বছরের মুন্নাপ্রসাদ গুপ্ত ঝাড়খণ্ডের গারওয়াহ জেলার একটি সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষকের পদে রয়েছেন৷
সংবাদমাধ্যমে প্রচারিত বেশ কয়েকটি ভিডিও এবং ছবিতে দেখা গিয়েছে, সাদা পোশাক পরে ঘোড়ায় চড়ে জনগণনার কাজ চালাচ্ছেন ওই স্কুল শিক্ষক৷ জনগণনার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বাদামি রংয়ের একটি ঘোড়ার পিঠে চেপে প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন তিনি৷ সেই ছবি সমাজমাধ্যমেও ভাইরাল হয়েছে৷
ওই স্কুলশিক্ষক জানিয়েছেন, বেশ কয়েক বছর ধরেই এই ঘোড়াটি তাঁর বাড়িতে ছিল৷ এবার সেই পোষা ঘোড়াকেই কাজে লাগাচ্ছেন তিনি৷ মুন্নাপ্রসাদ গুপ্ত জানিয়েছেন, ছোটবেলায় বাবার কাছ থেকেই ঘোড়ায় চড়া শিখেছিলেন তিনি৷
এভাবে ঘোড়ায় চড়ে জনগণনার কাজে বেরনোয় মুন্নপ্রসাদকে ঘিরে মূলত শিশুদের মধ্যে বেশি উৎসাহ দেখা যাচ্ছে৷ মুন্নাপ্রসাদ গুপ্ত জানিয়েছেন, এবার জনগণনার প্রক্রিয়ায় প্রথমবার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার দায়িত্ব পেয়েছেন তিনি৷ এই কাজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন মুন্নাপ্রসাদ৷ তাই মন দিয়ে এই দায়িত্ব পালন করতে চান তিনি৷
Kolkata,West Bengal
