Last Updated:
Nadia News: বাবা প্রাক্তন সেনাকর্মী , ছোটবেলা থেকেই দেশভক্তি। এবার ভারতকে আত্মনির্ভর করতে ‘মাইক্রো টার্বোজেট ইঞ্জিন’ তৈরি করে তাক লাগালেন বিজ্ঞান বিভাগের ছাত্র মৃন্ময় সরকার।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বিমানের ‘মাইক্রো টার্বোজেট ইঞ্জিন’ তৈরি করে নজির শান্তিপুরের দ্বাদশ শ্রেণীর ছাত্র। নদিয়ার শান্তিপুরের এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের অভিনব আবিষ্কার ঘিরে চর্চা শুরু হয়েছে বিজ্ঞান মহলে। নিজের বাড়িতেই দীর্ঘ চার বছরের প্রচেষ্টায় ‘মাইক্রো টার্বোজেট ইঞ্জিন’ তৈরি করে নজির গড়েছেন শান্তিপুর থানার বাবলা গোবিন্দপুর এলাকার বাসিন্দা মৃন্ময় সরকার। বর্তমানে তিনি রানাঘাট সেন্ট মেরি স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র।
ছোট থেকেই বিমানের প্রতি প্রবল আগ্রহ ছিল মৃন্ময়ের। কীভাবে বিমান আকাশে ওড়ে, কীভাবে ইঞ্জিন কাজ করে সেই কৌতূহল থেকেই শুরু হয় গবেষণা। বাবা প্রাক্তন সেনাকর্মী হওয়ায় ছোট থেকেই দেশপ্রেমের পরিবেশে বড় হয়ে ওঠা মৃন্ময় ভারতকে আত্মনির্ভর করার স্বপ্ন দেখেন। সেই ভাবনা থেকেই শুরু হয় মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরির কাজ।
মৃন্ময়ের মা শুক্লা সরকার জানান, ছোট থেকেই নতুন কিছু করার আগ্রহ ছিল ছেলের মধ্যে। ঝুঁকিপূর্ণ কাজ হলেও পরিবার সবসময় তাকে সাহস জুগিয়েছে। আগামী দিনে আরও নতুন প্রযুক্তি তৈরি করে দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে চায় মৃন্ময়। স্থানীয়দের আশা, ভবিষ্যতে সরকারি স্তরে এই আবিষ্কারের যথাযথ মূল্যায়ন হলে জেলার পাশাপাশি দেশের নামও উজ্জ্বল করবে এই তরুণ বিজ্ঞানমনস্ক ছাত্র।
Kolkata,West Bengal