Last Updated:
WB HS Result 2026: অভাব-অনটনকে হার মানিয়ে উচ্চমাধ্যমিকে নজির গড়ল সিধু কানহু মিশনের অনাথ পড়ুয়ারা৷ ভিক্ষার টাকায় দরিদ্র ও অনাথ শিশুদের পড়াশোনার সুযোগ করেছেন নরেন হাঁসদা। এই চার অনাথ পড়ুয়ার সাফল্যে গর্বিত গোটা পুরুলিয়া জেলা৷
আড়ষা, পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জি: দু’মুঠো ভিক্ষার টাকায় গড়ে উঠেছে স্বপ্নের ঠিকানা। আর সেই স্বপ্নই এবার সাফল্যের আলো ছড়াল উচ্চমাধ্যমিকের ফলাফলে। পুরুলিয়ার আড়ষা ব্লকের সমাজসেবী নরেন হাঁসদা ভিক্ষা করে, গান গেয়ে অনাথ ও দুঃস্থ শিশুদের লালন-পালন করেন। তাঁরই অক্লান্ত প্রচেষ্টায় গড়ে উঠেছে সিধু কানহু বিরসা আবাসিক বিদ্যালয়। অভাব-অনটনের মধ্যেও সেই বিদ্যালয়ের চার পড়ুয়া এবারের উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফলাফল করে জেলার নজর কেড়েছে।
সীমাহীন আর্থিক সঙ্কট, প্রতিকূলতা আর সংগ্রামকে সঙ্গী করেই এই সাফল্য অর্জন করেছে তারা। জানা গিয়েছে, অত্যন্ত দরিদ্র ও অনাথ শিশুদের আশ্রয় দিয়ে তাদের পড়াশোনার সুযোগ করে দেন নরেন হাঁসদা। তাই উচ্চমাধ্যমিকে চার পড়ুয়ার সাফল্যে আপ্লুত গোটা সিধু কানহু মিশন। এই পড়ুয়ারা হলেন পূর্ণিমা মুর্মু, সোমনাথ হাঁসদা, ধরতি হাঁসদা, মার্শাল হাঁসদা। এদের মধ্যে ধরতি হাঁসদা নরেন হাঁসদারই কন্যা। তিনি নিজের সন্তানকেও বাকি শিশুদের সঙ্গে এই মিশনে বড় করে তুলেছেন।
এ বিষয়ে আরও এক পড়ুয়া পূর্ণিমা মুর্মু বলেন, ছোট থেকেই তিনি এই মিশনে রয়েছেন। সকলের সহযোগিতা ও ভালবাসায় তার এই রেজাল্ট। তিনি খুবই খুশি। আগামী দিনে উচ্চশিক্ষা লাভ করার স্বপ্ন রয়েছে তার। সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে নরেন হাঁসদার এই উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী। ভিক্ষার টাকায় গড়ে ওঠা এই শিক্ষাপ্রতিষ্ঠান আজ অনেকের কাছেই অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। পড়ুয়াদের এই সাফল্যে উচ্ছ্বসিত জেলার শিক্ষামহলও।
Kolkata,West Bengal