Last Updated:
B C Khanduri: প্রয়াত উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুবন চন্দ্র খাণ্ডুরি৷ বর্ষীয়ান বিজেপি নেতার মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর৷
দেরাদুন: প্রয়াত উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ভুবন চন্দ্র খাণ্ডুরি৷ সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে, দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। মঙ্গলবার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন তিনি৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর৷
সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার কারণে তাঁকে দেরাদুনের ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর পুত্র মনীশ খাণ্ডুরি জানিয়েছেন, মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু হয়।
প্রাক্তন সেনা আধিকারিক ভুবন চন্দ্র খাণ্ডুরি দু’বার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন৷ প্রথমবার ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং পরে ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত। তিনি বিজেপির একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং ১৬তম লোকসভায় গড়ওয়াল কেন্দ্রের সাংসদ হিসেবেও প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ ভুবন চন্দ্রের প্রয়াণ উত্তরাখণ্ড তথা জাতীয় রাজনীতির জন্য “অপূরণীয় ক্ষতি” বলেছেন তিনি৷
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ করা এক পোস্টে ধামি বলেন, ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় খাণ্ডুরি যে নিষ্ঠা, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছিলেন, রাজনৈতিক জীবনেও তিনি সেই মূল্যবোধ অটুট রেখেছিলেন। তিনি আরও বলেন, উত্তরাখণ্ডের উন্নয়ন, সুশাসন এবং প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠায় খাণ্ডুরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর সরল জীবনযাপন ও কর্মনিষ্ঠার জন্য তিনি সাধারণ মানুষের মধ্যে বিশেষ সম্মান অর্জন করেছিলেন।
Kolkata,West Bengal
