Last Updated:
Murshidabad Grape Farming: ধান-পাট চাষের গণ্ডি পেরিয়ে এবার মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নজিরবিহীন আঙুর চাষ। লোকজনের কটাক্ষকে উপেক্ষা করে কয়েক শতক জমিতে থোকা থোকা মিষ্টি আঙুর ফলিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ২৫ বছরের যুবক শেহেরুল শেখ।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: একসময় আঙুর চাষ মানেই মনে করা হত মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতের বিস্তীর্ণ বাগান। কিন্তু এখন বদলাচ্ছে সেই ধারণা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে মিষ্টি আঙুর চাষ। আর তাতেই মিলছে সাফল্য। অল্প জমিতে আধুনিক পদ্ধতিতে আঙুর চাষ করে অনেক কৃষকই বাড়তি আয়ের মুখ দেখছেন।
মুর্শিদাবাদে ফলছে আঙুর। কয়েক শতক জমিতে আঙুর চাষ করে তাক লাগিয়েছেন হরিহরপাড়ার সলুয়া গ্রামের যুবক শেহেরুল শেখ। এখন শেহেরুলের গাছভর্তি থোকা, থোকা আঙুর দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ। কেউ কেউ নিজের বাগানে আঙুর ফলানোর জন্য তাঁর কাছ থেকে পরামর্শও নিচ্ছেন। একটি গাছেই প্রায় ১০০ থোকা আঙুর ফলিয়েছেন ওই ব্যক্তি। বাজারে চড়া দামে বিক্রিও হচ্ছে সেই আঙুর। নিজেই পরিকল্পনা নিয়ে অন্য ফলের পাশাপশি আঙুর চাষ শুরু করে হাতেগরম ফলন পেয়েছেন। আগামীতে বড়ে জমি নিয়ে চাষের পরিকল্পনা করছেন তিনি। মুর্শিদাবাদের মতো চরম আবহাওয়ায় এই চাষ যথেষ্ট নজিরবিহীন বলেই দাবি কৃষি বিশেষজ্ঞদের।
হরিহরপাড়ায় মূলত ধান, পাট, সর্ষে ও কিছু সবজির চাষ হত। কিন্তু বছর পঁচিশের যুবকের হাত ধরে আধুনিক উপায়ে কম খরচে আঙুর চাষ রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। মোটা টাকার উপার্জনের আশায় অনেকেই নিজেদের জমি চাষের কাজ ছেড়ে ভিন রাজ্যে এমনকী ভিন দেশে পাড়ি দেয়। জেলায় লাগাতার পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। কিন্তু এমন অর্থকরী ফসলের চাষ করতে পারলে যুবকদের আর ঘর ছাড়তে হবে না। বাড়ি বসেই কিছুটা চাষ যোগ্য জমিতে গড়ে তোলা যায় আঙুরের বাগিচা। কীভাবে এই যাত্রা সম্ভব সেই উপায় বাতলে দিচ্ছেন শেহেরুল। তিনি বলেন, “আমি এক সময় পাগলের মতো এইরকম নানা ফলের গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম। তখন লোকজন কটাক্ষ করত। কিন্তু সেসব কথায় কান দেইনি। আঙুর গাছ লাগিয়ে পরীক্ষা করেছিলাম। ফলন হওয়ায় আমি বন্ধুর মাঠের জমিতে চাষ করেছি। সাধারণ সবজি চাষে যেমন পরিচর্যার দরকার হয়, এক্ষেত্রে একই পরিচর্যাতেই ভাল ফলন হবে। আলাদা করে সারের দরকার হয় না। আমি অনেক যুবকদের বলছি সময় নষ্ট না করে এখনই এভাবে আঙুরের বাগিচা তৈরি করতে পারে তাঁরা। এই আঙুরেই মিলবে রোজগারের দিশা।”
Murshidabad,Murshidabad,West Bengal
Grape Farming: ভাঙল মহারাষ্ট্র-দক্ষিণ ভারতের একচেটিয়া দাপট! এবার মুর্শিদাবাদেই থোকা থোকা আঙুর ফলিয়ে তাক লাগালেন যুবক, আয়ের নয়া দিশা