ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডলে পোস্ট করেন মেলোনি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “উপহারের জন্য ধন্যবাদ।” এরপরই ইন্টারনেটে ফের ট্রেন্ড করতে শুরু করে বহু পরিচিত ‘Melodi’ মিম। ভিডিয়োয় দেখা গিয়েছে, মেলোনি হাসিমুখে টফির প্যাকেট গ্রহণ করছেন এবং দু’জনেই ছিলেন বেশ খোশ মেজাজে। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ক্লিপ। এক্স ও ইনস্টাগ্রামে নেটিজেনরা মজার মন্তব্যে ভরিয়ে দেন কমেন্ট সেকশন।
কারও মন্তব্য, “কূটনীতির নতুন নাম মেলোডি।” আবার কেউ লেখেন, “ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় জুটি।” কেউ মজা করে বলেন, “মেলোডি আর পার্লে-র শেয়ারের দাম এবার বাড়বেই।”
অনেকেই লিখেছেন, আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠকের গাম্ভীর্যের মধ্যেও এই ধরনের সহজ-সরল মুহূর্ত আলাদা মাত্রা এনে দেয়। এক ভাইরাল মন্তব্যে লেখা হয়, “জি২০-র সেলফি থেকে মেলোডি টফি— এই বন্ধুত্বের এখন আলাদা ফ্যানবেস তৈরি হয়ে গিয়েছে।” অন্য এক ব্যবহারকারীর মন্তব্য, “ভারত-ইতালি সম্পর্ক এখন মেলোডি-চালিত।”
ইনস্টাগ্রামে একাধিক রিল ও মিম পেজে বলিউড গানের সঙ্গে সেই মুহূর্তকে ঘিরে তৈরি হয়েছে নানা মজার ভিডিও। কেউ কেউ আবার রসিকতা করে বলেন, টফি সংস্থার উচিত দুই নেতাকেই ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা।
তবে শুধুই মজা নয়, অনেকেই এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তকে ইতিবাচক ভাবেই দেখেছেন। নেটমাধ্যমে বহু মানুষ লিখেছেন, এই ধরনের মুহূর্ত কূটনীতিকে আরও মানবিক ও কাছের করে তোলে।
ইতালিতে প্রধানমন্ত্রী মোদীর পাঁচ দেশের সফরের শেষ পর্বেই ঘটেছে এই ঘটনা। রোমে পৌঁছনোর পর ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানান। পরে দুই নেতাকে একসঙ্গে দেখা যায় রোমে পরিদর্শন করতেও।
এর আগে এক্সে পোস্ট করে মোদী জানিয়েছিলেন, ভারত-ইতালি সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন শক্তি, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। অন্য দিকে, মেলোনিও সোশ্যাল মিডিয়ায় মোদীর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “রোমে স্বাগত বন্ধু!”
Upon landing in Rome, had the opportunity to meet Prime Minister Meloni over dinner followed by a visit to the iconic Colosseum. We exchanged perspectives on a wide range of subjects. Looking forward to our talks today, where we will continue the conversation on how to boost the… pic.twitter.com/df0bDYKCdU
— Narendra Modi (@narendramodi) May 20, 2026
উল্লেখ্য, আন্তর্জাতিক সম্মেলনে মোদী-মেলোনির সেলফি এবং নানা অনানুষ্ঠানিক মুহূর্ত আগেও একাধিকবার ভাইরাল হয়েছে।
এই সফরে ভারত ও ইতালির মধ্যে ২০২৫-২০২৯ যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বারাণসী নিয়ে কাজের জন্য ইতালীয় চিত্রশিল্পী Giampaolo Tomassetti-র প্রশংসাও করেন প্রধানমন্ত্রী মোদী।