Last Updated:
Parle vs Parle: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোডি’ মুহূর্ত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ এরপরেই লাফিয়ে বেড়ে গিয়েছে পার্লে ইন্ডাস্ট্রিজ-এর শেয়ারে৷
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ‘মেলোডি’ মুহূর্ত ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ জর্জিয়া মেলোনির শেয়ার করা ভিডিওটি ইন্টারনেটে হু হু করে ছ়ড়িয়ে পড়তেই হঠাৎই বড় উত্থান দেখা গেল পার্লে ইন্ডাস্ট্রিজ-এর শেয়ারে৷ ভিডিওতে দেখা যায়, প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি রোম সফরের সময় মেলোনিকে উপহার হিসেবে একটি ‘মেলোডি টফির প্যাকেট দিচ্ছেন৷ এরপরই কোম্পানির শেয়ার ঝড়ের গতিতে কোম্পানির শেয়ার আপার সার্কিটে পৌঁছে যায়৷
তবে মজার বিষয় হল, পার্লে ইন্ডাস্ট্রিজ-এর সঙ্গে মেলোডি (Melody) টফি বা পার্লে প্রোডাক্টসের আদতে কোনও সম্পর্কই নেই। অথচ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উন্মাদনার জেরে বিনিয়োগকারীরা ভুলবশত পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ার কিনতে শুরু করেন।
আসলে জনপ্রিয় ব্র্যান্ড পার্লে-জি, মেলোডি, মোনাকো, ক্র্যাকজ্যাক ও হাইড অ্যান্ড সিক তৈরি করে পার্লে প্রোডাক্টস। অন্যদিকে পার্লে ইন্ডাস্ট্রিজ সম্পূর্ণ আলাদা একটি সংস্থা। ১৯৮৩ সালে ‘এক্সপ্রেস বটলার্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’ নামে যাত্রা শুরু করেছিল এই কোম্পানি। পরে নাম বদলে রাখা হয় পার্লে সফটওয়্যার লিমিটেড। প্রথমে এটি পার্লে-বিসলেরি গোষ্ঠীর অংশ হলেও বর্তমানে স্বাধীনভাবে অবকাঠামো, রিয়েল এস্টেট এবং কাগজ পুনর্ব্যবহারের ব্যবসা চালায়।
ভিডিওটি সামনে আসতেই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে ‘মেলোডি’ মিম। বহুদিন ধরেই নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কেন্দ্র করে ‘Melodi’ নামে নানা মিম ছড়িয়ে পড়েছিল। এবার সেই ট্রেন্ড নতুন করে জোর পায়।
ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী মোদি আমাকে উপহার হিসেবে খুব, খুব ভালো একটি টফি দিয়েছেন।” জবাবে মোদি বলেন, “মেলোডি।” আর এতেই হাসিতে ফেটে পড়েন দু’জনেই। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়ে যায় মেলোডির বিখ্যাত ‘ভেরি ভেরি চকোলেটি’ ট্যাগলাইন।
এই ভাইরাল মুহূর্তের প্রভাব সরাসরি পড়ে শেয়ার বাজারেও। বহু খুচরো বিনিয়োগকারী পার্লে নাম দেখে বিভ্রান্ত হয়ে পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ার কেনা শুরু করেন।
এদিকে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পার্লে প্রোডাক্টসের ভাইস প্রেসিডেন্ট ময়াঙ্ক শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদির এই উপহার ভারতীয় পণ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক দারুণ উপায়। তিনি জানান, পার্লে প্রোডাক্টস প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ এর ফলে বিশ্বজুড়ে আবারও আলোচনায় এসেছে মেলোডি টফি।
ময়াঙ্ক শাহ আরও বলেন, বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে রপ্তানি করা হয় মেলোডি। তবে আপাতত শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার কোনও পরিকল্পনা নেই সংস্থার। তারা বেসরকারি প্রতিষ্ঠান হিসেবেই থাকতে চায়।
Kolkata,West Bengal
