Last Updated:
‘Melodi’ Hits Blinkit: ব্লিংকিটের রিপোর্ট অনুযায়ী মেলোডি সার্চের সংখ্যায় ব্যাপক বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, স্টকের ঘাটতিও দেখা দিয়েছে। এটি ভাইরাল মেলোডি ট্রেন্ডকে আরও উৎসাহিত করেছে তা বলা বাহুল্য।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ইতালি সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট ভর্তি মেলোডি টফি উপহার দেন। অবাক করা বিষয় হল, এর পরেই কুইক-কমার্স প্ল্যাটফর্ম ব্লিংকিটেও ভাইরাল ‘মেলোডি’। মেলোনি সেই মিষ্টি মুহূর্তের ভিডিওটি পোস্ট করার এক ঘণ্টা পর, ‘ব্লিংকিট’ জানায় যে তাদের প্ল্যাটফর্মে জনপ্রিয় টফিটির খোঁজ হঠাৎ করেই অনেক বেড়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এবারের ইউরোপ সফরের শেষ পর্ব চলছে। আজ, বুধবার তিনি রয়েছেন ইতালিতে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে নরওয়ে থেকে সে দেশে গিয়েছেন মোদি। এর আগে ২০২৪ সালের জুনে জি৭ সম্মেলনে যোগ দিতে ইতালিতে গিয়েছিলেন তিনি। এ বারের সফরে নজর রয়েছে ভারত-ইতালি দ্বিপাক্ষিক বাণিজ্যে। সেই লক্ষ্যে মেলোনি এবং ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার সঙ্গে বৈঠক করবেন মোদি। প্রধানমন্ত্রীকে এদিন রোমে স্বাগত জানালেন ইতালির প্রধানমন্ত্রীর মেলোনি ৷ বিশেষ মুহূর্তের ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করে মেলোনি লিখেছেন: ‘‘উপহারটার জন্য ধন্যবাদ’’। ভিডিওটাতে মোদি আর মেলোনি দু’জনেই এই জনপ্রিয় টফির প্যাকেট ধরে আছেন।’’
ব্লিংকিট অ্যাপে ১০০ টাকার মেলোডি ক্যান্ডির প্যাকেট স্টক আউট হয়ে যায়। রাতারাতি বাড়ে খোঁজ। ৫০-১০০ সব ধরনের ক্যান্ডিই বিক্রি হতে থাকে। সমাজমাধ্যমে ‘#মেলোডি’র শব্দের সূত্রপাত প্রায় আগেই। মোদি এবং মেলোনির পদবি মিলিয়ে তৈরি এই হ্যাশট্যাগ প্রথম ব্যাপক জনপ্রিয়তা পায় ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত সিওপি২৮ শীর্ষ সম্মেলনের সময়। সেই সময় মেলোনি মোদির সঙ্গে একটি নিজস্বী পোস্ট করেন।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদির উপহার ভারতকে নস্টালজিয়ায় ডোবাল। আবার চর্চায় উঠে এল বহু প্রাচীন ‘পার্লে’ সংস্থা! বিস্কুটের কথা উঠলেই যে নামটা প্রথম মাথায় আসে, সেটা হল ‘পার্লে-জি’। ‘পার্লে’ নানা প্রডাক্ট তৈরি করে, যার মধ্যে রয়েছে এই ‘মেলোডি’ টফিও। ‘পার্লে’-র ইতিহাস স্বাধীনতারও আগের। যদিও আজ ‘পার্লে-জি’ বিস্কুটের জন্যই বেশি পরিচিত ‘পার্লে’, কিন্তু এই সংস্থার যাত্রা শুরু হয়েছিল ক্যান্ডি দিয়ে। ১৯৮৩ সালে সংস্থাটি তাদের চকোলেট ‘মেলোডি টফি’ বাজারে আনে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
