- দীর্ঘদিনের হিপ জয়েন্টের ব্যথার জন্য জোজো মুখোপাধ্যায়ের সফল অস্ত্রোপচার সম্পন্ন।
- শ্যুটিংয়ের সময় পাওয়া চোট নিয়ে দীর্ঘদিন ধরে পেইনকিলারে কাজ করছিলেন।
- হাসপাতাল থেকে ছাড়া পেতে আরও কয়েকদিন, তারপর চলবে ফিজিওথেরাপি।
- স্বাভাবিকভাবে হাঁটাচলার জন্য কিছুদিন ওয়াকারের সাহায্য প্রয়োজন হবে।
- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি শেষে ফিরবেন কাজে।
কলকাতা: হাসপাতালে ভর্তি সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। দীর্ঘদিন আগেই একটি শ্যুটিং করার সময়ে, পায়ে চোট পেয়েছিলেন তিনি। তাঁর সেই চোট পুরোপুরি সারেন, তবে তা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। তা নিয়ে সমস্যায় ভুগছিলেন নায়িকা। দীর্ঘ সমস্যা থেকে মুক্তি পেতে, বাধ্য হয়েই তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। আপাতত কেমন আছেন সঙ্গীতশিল্পী?
কোন সমস্যায় ভুগছেন জোজো?
সঙ্গীতশিল্পী জানাচ্ছেন, অনেকদিন আগে শ্যুটিং করতে গিয়ে হিপ জয়েন্টে ব়্যাপচার হয়েছিল তাঁর। খুব খারাপ পরিস্থিতি ছিল, কিন্তু সেই সময়ে অস্ত্রোপচার করাননি তিনি। কড়া পেইনকিলার খেয়ে কোনোমতে সামাল দিয়েছিলেন পরিস্থিতি। এরপরে, গত সিজনে শো করতে গিয়ে সেই চোটের ওপর, ফের চোট লাগে তাঁর। ‘সারেগামাপা’-র বিচারকের দায়িত্বে ছিলেন জোজো। তিনি বলেন, তিনি অনেক সময়েই শ্যুটিং করতেন হয় কড়া পেইনকিলার খেয়ে, না হয় ইঞ্জেকশন নিয়ে। কোনোমতেই কাজ করে যাচ্ছিলেন তবে তাঁকে ভীষণভাবে ভোগাচ্ছিল ব্যথা। বিভিন্ন সময়ে তাঁকে লাঠি নিয়ে পর্যন্ত কাজ করতে হয়েছে। অবশেষে চিকিৎসক বলেছিলেন, অস্ত্রোপচার ছাড়া আর উপায় নেই।
এখন কেমন রয়েছেন সঙ্গীতশিল্পী?
এখন কেমন আছেন জোজো? সঙ্গীতশিল্পী বলছেন, ‘এখনও হাসপাতালেই রয়েছি। আর কয়েকটা দিন সময় লাগবে আমায় হাসপাতাল থেকে ছেড়ে দিতে। তবে অস্ত্রোপচার একেবারে সঠিকভাবে হয়েছে। যে ব্যথাটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে ভুগছিলাম, সেটা থেকে মুক্তি পেয়েছি। তবে এখনই কাজ শুরু করতে পারব না। কিছুদিন ফিজিওথেরাপি করতে হবে আমায়। তারপরে ফের কাজ শুরু করতে পারব।’ তবে এখনও একা একা সাবলীলভাবে হাঁটতে পারছেন না জোজো। তিনি জানিয়েছেন, যেহেতু অপারেশনটা ভীষণ গুরুতর, সেই কারণে এখন কিছুদিন ওয়াকার নিয়ে হাঁটতে হবে তাঁকে। তার সঙ্গে সঙ্গে চলবে ফিজিওথেরাপি। তবে তিনি কাজে কবে ফিরবেন, সেই পরামর্শ চিকিৎসকই দেবেন। তিনি যবে বলবেন কাজে ফিরতে, তবেই আবার শো করা শুরু করবেন জোজো। তবে তিনি জানিয়েছেন, এখন তাঁর অফ সিজন। ফলে শো-এর তেমন চাপ নেই। আবার সিজন আসতে আসতে তিনি অনেকটাই ফিট হয়ে যাবেন বলে প্রত্যাশা করছেন। সোমবার অস্ত্রোপচার হয়েছে সঙ্গীতশিল্পীর। এর পরে আর নতুন করে কোনও কমপ্লিকেশন তৈরি হয়নি। বাকি সমস্য প্যারামিটার্স ও ঠিক রয়েছে। সব ঠিক থাকলে, ৫ দিন পরে জোজোকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা। তবে বাড়িতেও বিশ্রামে থাকতে হবে তাঁকে।