Last Updated:
RBI New Rule: আরবিআইয়ের প্রস্তাব অনুযায়ী, মোবাইল বা ল্যাপটপের EMI ৯০ দিনের বেশি বকেয়া থাকলে ব্যাঙ্ক সেই ডিভাইসের কিছু পরিষেবা বন্ধ করতে পারবে। তবে জরুরি পরিষেবা চালু রাখতে হবে এবং গ্রাহক টাকা মেটালেই দ্রুত পরিষেবা ফিরিয়ে দিতে হবে।
কলকাতাঃ ভারতে মোবাইল ও ল্যাপটপ কেনার ক্ষেত্রে ঋণনির্ভরতার প্রবণতা দ্রুত বাড়ছে। টেলিকম রেগুলেটর ট্রাইয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোবাইল সংযোগের সংখ্যা প্রায় ১১৬ কোটি। এর মধ্যে প্রায় ৪০ কোটি গ্রাহক ছোট ঋণ নিয়ে মোবাইল, ল্যাপটপের মতো গ্যাজেট কিনেছেন। এবার এই ধরনের ঋণ খেলাপিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ভাবনা শুরু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
আরবিআইয়ের নতুন প্রস্তাব অনুযায়ী, কোনও গ্রাহক যদি ফাইন্যান্সে কেনা মোবাইল বা ল্যাপটপের EMI টানা ৯০ দিনের বেশি সময় বকেয়া রাখেন, তাহলে ব্যাঙ্ক সেই ডিভাইসের নির্দিষ্ট পরিষেবা বন্ধ করতে পারবে। তবে তার আগে গ্রাহককে একাধিক নোটিস পাঠাতে হবে। প্রথমে ৬০ দিন বকেয়া থাকলে নোটিস দিয়ে ২১ দিনের সময় দেওয়া হবে। এরপরও টাকা পরিশোধ না হলে দ্বিতীয় নোটিস দিয়ে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে। তারপরও বকেয়া না মেটালে গ্যাজেটের ফাংশন সীমিত বা বন্ধ করা যেতে পারে।
এছাড়াও কড়া ঋণ আদায়ের নামে গ্রাহকদের হেনস্থা করার উপরও নিষেধাজ্ঞা আনতে চলেছে আরবিআই। অপমানজনক ভাষা ব্যবহার, বারবার ফোন করা বা সোশ্যাল মিডিয়ায় তথ্য প্রকাশের মতো পদক্ষেপকে বেআইনি বলা হয়েছে। প্রস্তাবিত নিয়মগুলি ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
Kolkata,West Bengal
