Last Updated:
Deucha Pachami Coal Mine: দেউচা-পাচামি থেকে কয়লা তুলতে লাগবে আরও ২৫-৩০ বছর! বড় দাবি বিজেপি বিধায়কের। কেন? জানুন…
বীরভূম, সৌভিক রায়: আজ থেকে মাস খানেক আগে পর্যন্ত চর্চায় ছিল বীরভূমের দেউচা-পাচামি কয়লা শিল্প প্রকল্প। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি প্রকল্প এই দেউচা-পাচামি। আর এই দ্বিতীয় বৃহত্তর খোলামুখ কয়লা খনি প্রকল্পের ভবিষ্যৎ কমপক্ষে আড়াই দশক পিছিয়ে গিয়েছে৷ এমনটাই জানালেন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় ৷
জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলেন আগামী ২৫ থেকে ৩০ বছর দেউচা-পাচামির খোলামুখ খনি থেকে কোনও ভাবেই কয়লা তোলা সম্ভব না৷ আর এর নেপথ্যের কারণটাও জানালেন বিধায়ক। দেউচার কয়লা খনি প্রকল্প শুরুর জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তার উপরের স্তরে থাকা ব্যাসল্ট শিলা। সেই ব্যাসল্ট শিলা সম্পূর্ণ উত্তোলন করার পরেই মিলবে কয়লা। আর যে পরিমাণ শিলা কয়লার উপরে রয়েছে সেটা বের করতে কমপক্ষে সময় লাগবে ২৫ থেকে ৩০ বছর।
প্রসঙ্গত, বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তর কয়লা খনি প্রকল্পের সূচনা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী শুরু হয়েছিল জমি অধিগ্রহণ ও চাকরির নিয়োগপত্র প্রদান৷ শুরু হয়েছিল খনন কাজও। ওই এলাকায় যে সমস্ত গাছ লাগানো ছিল সেগুলিকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে পুনঃস্থাপন করার কাজ ও শুরু হয়। তবে চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে বন্ধ হয়ে যায় সেই খনন কাজ। এরপরে রাজ্যে পালাবদল হয়েছে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এখন নতুন সরকারের প্রথম লক্ষ্য দেউচায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তদন্ত করা। যারা জমি দান করেছে তারা কী আদতে চাকরি পেয়েছে নাকি চাকরি দেওয়া হয়েছে বহিরাগতদের।
প্রসঙ্গত, বিশ্বের সবথেকে বড় খোলামুখ কয়লা খনি হল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ অ্যান্টিলোপ রোশেল। আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম খোলামুখ কয়লা খনি হওয়ার কথা বীরভূমের ‘দেউচা-পাচামি’। তবে এই কয়লা খনি প্রকল্প বর্তমানে ‘ভূতের ভবিষ্যৎ’ হয়ে দাঁড়িয়েছে।
Birbhum,West Bengal