Last Updated:
হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র-বন্দর ও শিল্পনগরী। হুগলি নদী মোহনার কাছে হুগলি ও হলদি নদীর মিলনস্থলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ মিটার উচ্চতায় হলদিয়া শহরটি অবস্থিত। তবে, পরিকাঠামোর অভাব, অনুৎপাদনশীল পরিবেশ এবং সরকারি উদাসীনতায় অনেকটাই ফিঁকে হলদিয়ার গৌরব। বর্তমানে আবার আশায় বুক বাঁধছে হলদিয়াবাসী
হলদিয়া, সৈকত শী: একসময়ের শিল্পমানচিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলদিয়া বর্তমানে এক গভীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাজ্যের বিধানসভা নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় আসায় হলদিয়ার সাধারণ মানুষ, শ্রমিক সংগঠন এবং ব্যবসায়ী মহলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বছরের পর বছর ধরে চলা স্থবিরতা, শিল্পস্থাপনায় অনীহা এবং কর্মসংস্থানের অভাবের ফলে এই শিল্পশহরের যে করুণ দশা হয়েছিল, তা কাটিয়ে উঠতে এবার নতুন সরকারের কাছ থেকে বিশেষ পদক্ষেপের প্রত্যাশা করছেন শহরবাসী।
হলদিয়া শুধু একটি শহর নয়, এটি রাজ্যের অর্থনীতির এক প্রধান চালিকাশক্তি। নদী ও বন্দরের আশীর্বাদপুষ্ট এই অঞ্চল একসময় শিল্পায়নের এক বিশাল মাইলফলক ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিকাঠামোর অভাব, অনুৎপাদনশীল পরিবেশে হলদিয়ার সেই সোনালি গৌরব মাখা দিন বর্তমানে অনেকটা ম্লান হয়ে গিয়েছে। একের পর এক কারখানা বন্ধ হওয়া এবং নতুন বিনিয়োগের অভাবে এলাকার যুবসমাজের মধ্যে হতাশা চরমে উঠেছিল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন সরকার গঠনের পর হলদিয়া শিল্পাঞ্চল শহরের বাসিন্দারা আশাবাদী। এবার হলদিয়ায় ‘পরিবর্তন ও উন্নয়নের’ এক নতুন সুযোগ তৈরি হল।
হলদিয়াকে কেন্দ্র করে একটি সমন্বিত শিল্প করিডোর গড়ে তোলার দাবিও দীর্ঘদিনের। নতুন সরকারের কাছে এলাকাবাসীর প্রত্যাশা, তারা এমন এক শিল্পবান্ধব পরিবেশ তৈরি করবে, যা স্থানীয় শিক্ষিত ও অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থানের পথ প্রশস্ত করবে। বিশেষ করে, বন্ধ থাকা কারখানাগুলি খোলার উদ্যোগ এবং ছোট ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদানের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার দাবি উঠেছে জোরালভাবে। নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের বিষয়েও শহরবাসী অত্যন্ত সচেতন। শিল্পশহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং রাস্তার পরিকাঠামো ও আধুনিক নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষেরা।
হলদিয়া শিল্পাঞ্চল শহরের কারখানার শ্রমিক থেকে সাধারণ মানুষের কথায়, “বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে একটি স্থিতিশীল ও সুশৃঙ্খল পরিবেশ অত্যন্ত জরুরি। হলদিয়ার ভৌগোলিক অবস্থান এবং বাণিজ্যের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে যদি সরকারিভাবে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়, তবে হলদিয়া আবার তার হারানো গৌরব ফিরে পাবে।” হলদিয়ার মানুষ এখন এক নতুন ভোরের অপেক্ষায়, শিল্পায়ন এবং উন্নয়নের ছোঁয়া আবার প্রাণসঞ্চার করবে হলদিয়ায়।
Medinipur (Midnapore),Paschim Medinipur,West Bengal