Last Updated:
Credit Card rules: কেনাকাটা, ভ্রমণ কিংবা জরুরি খরচ ক্রেডিট কার্ড সব জায়গাতেই গুরুত্বপূর্ণ। তবে দরকার ফুরিয়ে গেলে অনেকেই ক্রেডিট কার্ড বন্ধ করার কথা ভাবেন। কিন্তু জানেন এতে ক্রেডিট স্কোর ধাক্কা খেতে পারে।
বর্তমানে কেনাকাটা, ভ্রমণ কিংবা জরুরি খরচ— সব ক্ষেত্রেই ক্রেডিট কার্ড অনেকের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে নানা অফার ও সুবিধার কারণে একাধিক ক্রেডিট কার্ড নেওয়ার পর অনেকেই পরে কোনও একটি কার্ড বন্ধ করার কথা ভাবেন। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিলে ক্রেডিট স্কোরে বড় প্রভাব পড়তে পারে।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা, কোনও ক্রেডিট কার্ড বন্ধ করলে মোট ক্রেডিট লিমিট কমে যায়। ফলে অন্য কার্ডে বকেয়া থাকলে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও বেড়ে যায়, যা ক্রেডিট স্কোরের জন্য নেতিবাচক বলে ধরা হয়। অনেক ক্ষেত্রে স্কোর ১০ থেকে ৫০ পয়েন্ট পর্যন্তও কমে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে পুরনো ক্রেডিট কার্ড বন্ধ করা সবচেয়ে বেশি ক্ষতিকর। কারণ সেই কার্ডের সঙ্গে দীর্ঘদিনের ভাল রিপেমেন্ট হিস্ট্রি যুক্ত থাকে, যা ক্রেডিট স্কোর শক্তিশালী করতে সাহায্য করে। যদি পুরনো কার্ডে বার্ষিক ফি না থাকে, তবে সেটি চালু রাখাই বুদ্ধিমানের কাজ বলে মত তাঁদের। তাঁরা আরও জানিয়েছেন, যে কার্ডে সবচেয়ে বেশি ক্রেডিট লিমিট রয়েছে বা যার হিস্ট্রি সবচেয়ে পুরনো, তা বন্ধ করা এড়ানো উচিত।
তবে বিশেষ পরিস্থিতিতে কার্ড বন্ধ করতেই হলে কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেমন—সব বকেয়া সম্পূর্ণ মিটিয়ে নেওয়া, অটো-পেমেন্ট অন্য কার্ডে সরিয়ে নেওয়া এবং রিওয়ার্ড পয়েন্ট আগে থেকেই ব্যবহার করে ফেলা। পাশাপাশি, ক্রেডিট রিপোর্টে ‘Closed by Customer’ উল্লেখ রয়েছে কি না, সেটিও দেখে নেওয়া জরুরি।
যদি কার্ড বন্ধ করার পর ক্রেডিট স্কোর কমে যায়, তাতেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সময়মতো ঋণ পরিশোধ, ক্রেডিট ব্যবহার ৩০ শতাংশের নিচে রাখা এবং অযথা নতুন লোন বা কার্ডের আবেদন না করলে ধীরে ধীরে স্কোর আবার উন্নত হতে পারে। সাধারণত তিন থেকে ছ’মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি দেখা যায় বলেই মত বিশেষজ্ঞদের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
