Last Updated:
পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কেন্দ্র সরকারের PM Vishwakarma যোজনা। এই প্রকল্পের আওতায় প্রায় ৮ লক্ষ কারিগর ও শ্রমিক আর্থিক সহায়তা, প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জামের সুবিধা পাবেন।
কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নের পথও অনেকটাই পরিষ্কার হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রথম প্রকল্প হিসেবে ‘PM Vishwakarma’ যোজনা চালুর ঘোষণা করা হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রক (MSME) জানিয়েছে, কারিগরদের উৎসাহিত করার উদ্দেশ্যে চালু হওয়া এই প্রকল্প এবার পশ্চিমবঙ্গেও কার্যকর করা হবে। এর ফলে রাজ্যের প্রায় ৮ লক্ষ শ্রমিক ও কারিগর উপকৃত হবেন।
এই বিষয়ে MSME মন্ত্রকের অতিরিক্ত সচিব ও ডেভেলপমেন্ট কমিশনার ড. রজনীশ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকও করেছেন। বৈঠকে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো, উপভোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করা, দক্ষতা উন্নয়ন জোরদার করা এবং ঐতিহ্যবাহী কারিগরদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাজ্যে দ্রুত কেন্দ্রীয় প্রকল্পগুলি কার্যকর করার ওপরও জোর দেওয়া হয়েছে।
অন্যান্য প্রকল্প নিয়েও ভাবনা
মন্ত্রকের তরফে প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে অন্যান্য MSME প্রকল্পের বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক সমন্বয় বাড়িয়ে MSME পরিবেশকে আরও শক্তিশালী করার কৌশল নিয়েও আলোচনা হয়েছে। মুখ্যসচিব কেন্দ্রীয় মন্ত্রকের সহযোগিতার প্রশংসা করেন এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নে রাজ্য সরকারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন।
কেন্দ্র সরকারের ‘PM Vishwakarma’ প্রকল্প ১৭ সেপ্টেম্বর, ২০২৩ সালে চালু হয়েছিল। এই প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্যস্তরের মনিটরিং কমিটি এবং জেলাস্তরের বাস্তবায়ন কমিটি গঠনের বিজ্ঞপ্তিও জারি করেছে।
ড. রজনীশ জানান, এই প্রকল্প ঐতিহ্যবাহী দক্ষতা সংরক্ষণের পাশাপাশি কারিগরদের আধুনিক সরঞ্জাম, আনুষ্ঠানিক ঋণ সুবিধা এবং আরও ভাল বাজারের সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহী শিল্প ও কারিগরদের সমৃদ্ধ ঐতিহ্য থাকা পশ্চিমবঙ্গে এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে এই প্রকল্পের অধীনে ৭.৭৯ লক্ষ কারিগর নাম নথিভুক্ত করেছেন। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্প চালু হলে অন্তত ৭.৭৯ লক্ষ পরিবার এর সুবিধা পাবে।
সারা দেশে এখনও পর্যন্ত ২.৭২ কোটি শ্রমিক ও কারিগর এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
Kolkata,West Bengal
May 23, 2026 10:44 AM IST
