Last Updated:
Tollywood: টলিপাড়ায় অরাজকতা ও “থ্রেট কালচার” নিয়ে সরব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা, এবার ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসকে অপসারণের দাবিতে সোচ্চার হয়েছেন । গিল্ডের সদস্যপদ ও সভাপতি পদ থেকে তাঁর নাম সরানোর দাবি তুলেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেরা ।
কলকাতা: শনিবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড টেকনিশিয়ান স্টুডিওতে৷ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসরা সমবেত হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন টলিপাড়ায়। তাদের দাবি ফেডারেশনের অনিয়মের মধ্যে সবথেকে বেশি ভুক্তভোগী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড।
গিল্ডের মাথায় রয়েছেন যুগ্ম সম্পাদক অমিত কুমার সামন্ত। তিনি নিজের পরিচিত সদস্যদের ছাড়া কাউকে কাজ দেন না। দীর্ঘদিন ধরে অনিয়ম এবং স্বজন-পোষণ চলছে। ফেডারেশনের মেয়াদ শেষ হয়ে গেছে গত বছর ৩১শে ডিসেম্বর। তা সত্ত্বেও গত ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ডে নির্বাচন হয়েছে। পুরোটাই স্বরূপ বিশ্বাসের কারণে হয়েছে বলে অভিযোগ।
উল্লেখ্য, এদিকে ভোটের ফলপ্রকাশের পর থেকেই ইম্পার অশান্তি অব্যাহত। গত শুক্রবারও ইম্পার মিটিংয়ে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা। বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবিতে অনড় বিক্ষুব্ধ সদস্যরা। গতকাল শুক্রবারেও ইমপার বৈঠকে সভাপতি পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবি ঘিরে দক্ষযজ্ঞ বাধে।পিয়াকে দেখে ‘ফাইল চোর’ স্লোগান ওঠে। শেষমেষ অসুস্থ হয়ে অ্যাম্বুল্যান্সে ইম্পার অফিস ছাড়েন টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত। অসুস্থ হয়ে পড়েন আরেক সদস্য সুকান্ত মালিক। তড়িঘড়ি দু’জনকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সপ্তাহ ঘুরলেও সমস্যার মীমাংসা হল না!
Kolkata,West Bengal
