Last Updated:
ত্বিশা শর্মার ঘটনার রেশ এখনও কাটেনি৷ ফের পণের দাবিতে নির্যাতনের অভিযোগ৷ দিল্লিতে মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য৷
নয়াদিল্লি: একের পর এক পণের দাবিতে নির্যাতন, খুনের অভিযোগ৷ ত্বিশা শর্মার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য৷ সূত্রের খবর, মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগে ওই মহিলা নাকি ফোনে তাঁর ভাইকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, “আমাকে বাঁচাও… ওরা আমাকে খুব মারছে। ওরা আমাকে মেরে ফেলবে।”
পিটিআই সূত্রে খবর, ২৫ বছর বয়সি ওই মহিলাকে পশ্চিম দিল্লির ইন্দরপুরীর দাসঘরা গ্রামের একটি বহুতলের বাইরে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মহিলাকে খুনের অভিযোগ করেছে পরিবার৷ পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে পণের দাবিতে অত্যাচার চালানোর পর শ্বশুরবাড়ির লোকেরাই তাঁকে খুন করেছে। মৃতার ছয় মাসের একটি ছেলে সন্তান রয়েছে। মহিলার ভাই জানান, মৃত্যুর খবর আসার ঠিক আগে তাঁর দিদির ফোন আসে।
তিনি অভিযোগ করে বলেন, “১৮ মে আমার দিদি কাঁদতে কাঁদতে ফোন করে বলেছিল, ‘আমাকে বাঁচাও, ওরা আমাকে খুব মারছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ হঠাৎ করেই ফোন কেটে যায়। পরে ওর দেওর আমাদের জানায় যে দিদি ছাদ থেকে ঝাঁপ দিয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস, ওরা দিদিকে মারধর করে চারতলা থেকে ফেলে দিয়েছে।” মৃতার বোনও দাবি করেছেন, ঘটনার ঠিক আগে তিনিও একটি আতঙ্কিত ফোন কল পেয়েছিলেন।
তাঁর কথায়, “ও বলছিল, ‘তাড়াতাড়ি চলে এস, ওরা আমাকে মারছে। বাবার গলা একবার শুনতে দাও। হয়তো আর কোনওদিন তোমাদের সঙ্গে দেখা হবে না। আমার ছয় মাসের ছেলেটার খেয়াল রেখো, ওকে যেন এদের হাতে তুলে দিও না।’’
পরিবারের দাবি, ২০২২ সালের ডিসেম্বর মাসে বিয়ের পর থেকেই ওই মহিলাকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হত। পণের জন্য চাপ দেওয়া হত বলেও অভিযোগ। মৃতার ভাই জানান, তিনি নিজে দিল্লিতে বোনের বাড়িতে থেকে অত্যাচারের ঘটনা প্রত্যক্ষ করেছেন।
তিনি বলেন, “আমি প্রায় ১৫ দিন ওদের সঙ্গে ছিলাম। নিজের চোখে দেখেছি কীভাবে ওকে মারধর ও অপমান করা হত। একবার এত মারধর করা হয়েছিল যে ওর কানের পর্দা ফেটে যায়। কিন্তু সংসার বাঁচানোর জন্য দিদি কখনও অভিযোগ করতে দেয়নি।”
পুলিশ জানিয়েছে, ১৮ মে এক মহিলার বহুতল থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে PCR কল আসে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করা হয়েছে৷ পাশাপাশি ফরেনসিক ও ক্রাইম টিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করেছে। মঙ্গলবার হওয়া ময়নাতদন্তের রিপোর্ট ও পরিবারের অভিযোগের ভিত্তিতে ইন্দরপুরী থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় FIR দায়ের করা হয়েছে।
Kolkata,West Bengal
