সংবর্ধনা অনুষ্ঠানে জমিয়ে মাছ- ভাত খেলেন বিজেপি নেতা এবং রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ৷ এ দিন নিউ টাউনের একটি আবাসনে দিলীপ ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়৷ সেই অনুষ্ঠানের পর দুপুরে ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থা৷ সেখানেই জমিয়ে পাবদা, কাতলা, ইলিশ সহ বিভিন্ন মাছ দিয়ে ভাত খেলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী৷ দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল যখন হারার ভয় পেল তখন মাছ-ভাতকে ইস্যু করল৷ বাঙালিকে মাছ-ভাত খাওয়ানো শেখাবে মমতা বন্দ্যোপাধ্যায়? গত ১৫ বছরে তৃণমূল সরকারের আমলে রাজ্যে মৎস্য উৎপাদনেও কোনও উন্নতি হয়নি৷ অন্ধ্র থেকে মাছ নিয়ে এসে রাজ্যের বাসিন্দাদের খাওয়াতে হচ্ছে৷ আমরা মাছ উৎপাদনেও রাজ্যকে স্বাবলম্বী করে তুলব৷’ এই প্রথম নয়, রাজ্যে ভোটের প্রচার পর্বেও মাছ ভাত খেতে দেখা গিয়েছিল বিজেপি-র রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের৷