Last Updated:
চলতে থাকা ইরান সমস্যা এগিয়েছে সমাধানের পথে, ভাল খবরের ইঙ্গিত দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও৷ রবিবার নয়াদিল্লিতে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কো রুবিও৷ এর পর সাংবাদিক বৈঠকেই বড় ইঙ্গিত দিলেন রুবিও৷
নয়াদিল্লি: চলমান ইরান সমস্যা নিয়ে আলোচনার পথে, রবিবার তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও৷ আগামী কয়েক ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে, জানালেন মার্কিন বিদেশ সচিব৷ রবিবার নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বড় ইঙ্গিত দিলেন তিনি৷
‘ইরানকে কখনওই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। পাশাপাশি, বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খোলা রাখা প্রয়োজন বলেও জোর দেন তিনি’, জানালেন মার্কো রুবিও৷ রুবিও বলেন, “আমার মনে হয় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব হয়তো কিছু ভাল খবর আসতে পারে।” ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার মূল অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “চূড়ান্ত লক্ষ্য হল, ইরান যেন কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।” তিনি জানান, আলোচনা এখনও চলছে এবং বিষয়টি অত্যন্ত প্রযুক্তিগত ও জটিল হওয়ায় সময় লাগছে।
“গত ৪৮ ঘণ্টায় আমরা কিছুটা অগ্রগতি করেছি, তবে এখনও কিছু কাজ বাকি রয়েছ’’, দাবি মার্কো রুবিওর৷ এই অগ্রগতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকারও প্রশংসা করলেন তিনি৷ রুবিও বলেন, “এই ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কঠোর অবস্থানে আর কেউ নেই। যদি কেউ এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে থাকেন, তবে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প।”
পাশাপাশি, জয়শঙ্কর এবং রুবিও বৈঠকের পর সন্ত্রাসবাদকে ভারত ও আমেরিকার “যৌথ চ্যালেঞ্জ” বলে উল্লেখ করা হল৷ দুই দেশের মধ্যে পরবর্তী দফার আলোচনা মূলত উপসাগরীয় অঞ্চলের দ্রুত পরিবর্তিত পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করেই হবে বলে জানা গিয়েছে। যৌথ সাংবাদিক বৈঠকে জয়শঙ্কর জানান, ইতিমধ্যেই দুই নেতার মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে এবং মধ্যাহ্নভোজের সময়ও বিশেষ করে উপসাগরীয় পরিস্থিতি নিয়ে আরও আলোচনা চলবে।
জয়শঙ্কর বলেন, “এটি সচিবের প্রথম ভারত সফর হলেও, দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।” জয়শঙ্কর আরও জানান, ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে ধারাবাহিকভাবে আলোচনা হয়েছে। জয়শঙ্কর বলেন, বৈঠকে বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতি বিশেষ গুরুত্ব পেয়েছে, বিশেষ করে পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি।
Kolkata,West Bengal
