Last Updated:
North Dinajpur Fake Lottery: শহরে জাল লটারি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। বিভিন্ন এলাকা থেকে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে আর কোনও বড় মাথা জড়িয়ে রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ ভাগ্য বদলের আশায় অনেকেই বিভিন্ন সময় লটারির টিকিট কাটেন। সেই লটারির টিকিট নিয়েই প্রতারণা শুরু করেছিলেন একদল অসাধু মানুষ। এবার অভিযান চালিয়ে জাল লটারি চক্রের পর্দাফাঁস করল রায়গঞ্জ থানার পুলিশ। চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রায়গঞ্জের দেবীনগর, উকিলপাড়া, কর্ণজোড়া ও নেতাজিপল্লী এলাকায় লোটো এবং জাল লটারির চক্র জাঁকিয়ে বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এরপর শহরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গেই বাজেয়াপ্ত করা হয় পাঁচটি কম্পিউটার, জেরক্স মেশিন, প্রিন্টার সহ বেশ কিছু জিনিস।
পুলিশ সূত্রে আরও খবর, ধৃতদের নাম শম্ভু দাস, গণেশ সরকার, রাজু মাহাতো এবং দীপক রজক। এর মধ্যে প্রথমজনের বাড়ি রায়গঞ্জের কর্ণজোড়া ফাঁড়ির অধীন মোটর কালিবাড়ি এলাকায়। বাকি তিনজন রায়গঞ্জের উকিলপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেফতার হওয়া চারজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাঁদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তাঁদের শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন বিচারক।
অন্যদিকে ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই জাল লটারি চক্রের সঙ্গে আরও কোনও বড় মাথা জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখা শুরু হয়েছে। তাতে কী সামনে আসে সেটাই দেখার।
Uttar Dinajpur,West Bengal
May 08, 2026 10:07 AM IST
Fake Lottery: শহরে জাল লটারি টিকিটের রমরমা! পুলিশের বড় অভিযানে ৪ জন গ্রেফতার, উদ্ধার কম্পিউটার-প্রিন্টার-জেরক্স মেশিন
