Last Updated:
Kakoli Ghosh Dastidar: বারাসাত সাংগঠনিক জেলায় বড় রদবদল, কাকলি ঘোষ দস্তিদারের ইস্তফা গ্রহণ করে কার হাতে দায়িত্ব দিল তৃণমূল? বড় খবর…
কলকাতা: কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দূরত্ব বাড়াল তৃণমূল কংগ্রেস। ইস্তফাপত্রও গ্রহণ করা হল। বারাসাত সাংগঠনিক জেলার নতুন সভাপতি করা হল তাপস চট্টোপাধ্যায়কে।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর টালমাটাল তৃণমূল। দলে দলে রংবদলের দিকে ঝুঁকছেন কর্মী-সমর্থকরা। আবার প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন নেতারাও। সেই আবহে আবারও জোর ধাক্কা খেল জোড়াফুল শিবির। জেলা সভাপতির পদ থেকে এবার পদত্যাগ করলেন কাকলি ঘোষ দস্তিদার। রবিবারই তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয় দেন বারাসতের সাংসদ। একই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি অনুরোধ করেন কোনও ‘ভুঁইফোঁড় সংস্থার’ বদলে দলের পুরনো নিষ্ঠাবান কর্মীদের নিয়ে চলার জন্য।

তাপস চট্টোপাধ্যায় (ফাইল ছবি)
বিধানসভা ভোটে ভরাডুবির পরে গত ১৪ মে কালীঘাটে তৃণমূলের সাংসদদের নিয়ে একটি বৈঠক করেন মমতা। কালীঘাটের বৈঠক, দলের সংসদীয় পদ থেকে সরে যাওয়া এবং সমাজমাধ্যমে কাকলির সেই পোস্টের পর থেকেই তাঁকে নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছিল। এ বার ওই পোস্টের ৯ দিনের মাথায় দলের রাজ্য সভাপতিকে চিঠি পাঠিয়ে বারাসত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সাংসদ। চিঠিতে তিনি লিখেছেন, ”নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে আমার আবেদন, আপনি বিগত দিনের মতো নিষ্ঠাবান পুরনো কর্মীদের নিয়ে কাজ করলে দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে মনে হয়। ভুঁইফোঁড় সংস্থা দিয়ে কঠিন কাজ হয় বলে মনে হয় না।” সোমবারই তৃণমূলনেত্রী বলেন, ‘যারা জিতলে থাকব, হেরে গেলে চলে যাব এমন কর্মীর দরকার নেই।’ এদিন দলও কাকলির সঙ্গে দূরত্ব বাড়িয়ে ইস্তফা গ্রহণ করে ফেলল।
Kolkata,West Bengal
