Last Updated:
Karate Competition: আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি প্রতিযোগিতার মাঠেও বাজিমাত! রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় বিপুল সাফল্যের পর খুদে প্রতিভাদের এশিয়ান গেমসে পাঠানোর লক্ষ্যে সরকারি সহায়তার আর্জি জানালেন জেলা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য পেল পূর্ব বর্ধমানের খুদে প্রতিযোগীরা। মাত্র ১১ জন প্রতিযোগী মিলে ছিনিয়ে নিয়েছে মোট ১৪টি পদক। একটি সাংবাদিক বৈঠকে এই সাফল্যের কথা তুলে ধরেন পূর্ব বর্ধমান স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের তিন শীর্ষ কর্মকর্তা শান্তনু ঘরুই, অর্কদেব ঘোষ এবং মানস সিংহ চৌধুরী।
এই প্রতিযোগিতায় রাজ্যের ১২টি জেলা থেকে প্রায় ২৩৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। তার মধ্যে পূর্ব বর্ধমান স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন থেকে যোগ দেয় ৫২ জন প্রতিযোগী। তীব্র লড়াইয়ের পর তাদের মধ্যে ১১ জন প্রতিযোগী মোট ১৪টি মেডেল জয় করতে সক্ষম হয়েছে। বিশেষভাবে নজর কেড়েছে দেবারতি সরকার ও মৌপর্ণা ঘোষ। তারা কাতা ও কুমিতে বিভাগে রাজ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।
এছাড়াও ৮-৯ বছর -২৫ কেজি কাতা বিভাগে প্রথম হয়েছে শেখ রায়ান। রাজ্য জয়ের পর এবার তাদের পাখির চোখ জাতীয় স্তরের প্রতিযোগিতা। আগামী ৭ থেকে ৯ অগাস্ট চুঁচুড়ার টেকনো ইন্ডিয়া স্পোর্টস ইউনিভার্সিটিতে ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার উদ্যোগে এই জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। কর্মকর্তারা আশাবাদী, ন্যাশনালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই খুদে ক্যারাটেরাটরা আগামীদিনে আন্তর্জাতিক স্তরেও দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।
তবে এই প্রতিভার বিকাশে পরিকাঠামোগত কিছু খামতির কথাও মনে করিয়ে দিয়েছেন তাঁরা। সম্পাদক অর্কদেব ঘোষের মতে, এশিয়ান গেমসের মতো বড় আসরে দেশের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের অবিলম্বে এগিয়ে আসা উচিত। বর্তমানে ক্যারাটের বেশিরভাগ সংস্থাই কেন্দ্রীয় সরকারের অনুমোদনহীন অবস্থায় রয়েছে। সরকার যদি সমস্ত অ্যাসোসিয়েশনকে নিয়ে একসঙ্গে আলোচনা করে একটি সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করে, তবে খুদেদের এশিয়ান গেমসে যাওয়ার স্বপ্নপূরণ অনেক সহজ হবে। এর মাধ্যমে গড়ে উঠতে পারে সুন্দর ভবিষ্যত। তিনি আরও বলেন, ক্যারাটে শুধুমাত্র একটি খেলা নয় ,এটি আত্মরক্ষার একটি কৌশলও। বর্তমানে তাই অনেকেই এই খেলার প্রতি আগ্রহ দেখাচ্ছে। ছেলে-মেয়ে উভয়ই সমানভাবে এগিয়ে আসছে। আগামীতে ক্যারাটের মধ্যে দিয়ে তারা ভবিষ্যতেও গড়ে তুলতে পারে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal