Last Updated:
Fish Rice At Rs 5 Scheme: বিজেপি মাছ-মাংস বিরোধী বলে প্রচার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মানুষ আমিষ খেতে পারবেন না বলেও জোরদার চলেছিল প্রচার। কিন্তু রাজ্যে ক্ষমতায় এসে তৃণমূলের এই দাবিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে বিজেপি। বরং সাধারণ মানুষ ও কর্মীদের মাছ-ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছে বর্তমান শাসকদল। আর তাই নিয়েই আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
কলকাতা: প্রশাসনিক সভা থেকে একাধিক জনদরদী প্রকল্প নিয়ে আজ, মঙ্গলবার গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মা ক্যান্টিনে এবার থেকে সপ্তাহে দু’দিন পাতে পড়বে মাছ-ভাত। মঙ্গলবার কল্যাণীতে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মা ক্যান্টিনগুলিতে মাত্র ৫ টাকাতেই পাওয়া যাবে এই পরিষেবা।
শুভেন্দু এদিন বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত প্রায় ৪০০ ক্যান্টিন চলছে রাজ্য জুড়ে। ক্যান্টিনের সংখ্যা আপাতত একই থাকছে। সব মা ক্যান্টিনেই সপ্তাহে দু’দিন করে মাছ-ভাত পাওয়া যাবে।” কবে থেকে চালু হবে এই প্রকল্প? প্রশাসনিক সভাতে সিদ্ধান্ত হয়েছে, খুব শীঘ্রই মা ক্যান্টিন গুলিতে পাওয়া যাবে এই মেনু। আগামী সপ্তাহেই এই নিয়ে দিন চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়ে আজ। একইসঙ্গে জানা গিয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪০০ মা ক্যান্টিনগুলিতে আপাতত এই মেনু পাওয়া যাবে।
কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মা ক্যান্টিন ছাড়াও আরও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তালিকায় রয়েছে অন্নপূর্ণা যোজনা চালু করার প্রক্রিয়া থেকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প সংক্রান্ত কেন্দ্র-রাজ্য চুক্তির বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত। সূত্রের খবর, বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে দ্রুত কনভার্টের কাজ করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন শুভেন্দু জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ বুধবারই আনুষ্ঠানিক ভাবে নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। অফলাইন ও অনলাইন, দুই ভাবেই ফর্ম পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ওই ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম সংক্রান্ত বাকি তথ্য বুধবার দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু এই প্রসঙ্গে বলেন, “যত তাড়াতাড়ি এনরোলমেন্ট করা হবে, তত তাড়াতাড়ি সুবিধা পাওয়া যাবে।”
প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বলে ভোটের প্রচারে পাল্লা ভারী করতে কোনও কসুর করেনি তৃণমূল কংগ্রেস। এই মর্মেই বার বার প্রচার জোরদার করেছিল তারা। কিন্তু পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার দেখাল উল্টো ছবি। মাছ খাওয়া বন্ধ করা দূরস্ত, বরং ৫ টাকায় মাছ-ভাত প্রকল্পের ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছেন তারা। এই প্রসঙ্গে শুভেন্দু জানিয়েছেন, “রাজ্যের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। পালাবদলের কারণে কয়েকটি প্রকল্পের পরিষেবা কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও ফের চালু হবে সব প্রকল্প। স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের ক্ষেত্রে শুধু ট্রান্সফার করা হবে প্রকল্প। সেই মতোই এবার মা ক্যান্টিন নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Kolkata,West Bengal
