Last Updated:
সোমবার কালিয়াচক এবং মোথাবাড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের আদালতে পেশ করা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
কলকাতা: সোমবার গভীর রাতে কালিয়াচক এবং মোথাবাড়ির বিভিন্ন জায়গায় অভিযান চালান গোয়েন্দারা। সেই অভিযানে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়। মোথাবাড়ি অশান্তির ঘটনায় ১৫ জনকে আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করা হয়েছিল এনআইএ-এর তরফে। এ মধ্যে আলমগির শেখ, মহম্মদ হাবিবুর রহমান ও মহম্মদ নুরুল ইসলামকে ৫ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
অন্য ১২ জন মহম্মদ জোসিম শেখ, মহম্মদ শাকিউল শেখ ওরফে পাক্কু শেখ, মহম্মদ হাজিকুল হক, মহম্মদ আসলাম হক, আলি নুরশেদ ওরফে মুর্শেদ, মোর্তাজ আহমেদ, নাসিরুদ্দিন, হাসান শেখ স সাদিকুল হক, মনিরুল এবং মহম্মদ আসমাউল শেখ ওরফে আসমাউল হকের ৪ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কালিয়াচকের বিচার বিভাগীয় আধিকারিকদের দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। সেই সময় বহু অভিযুক্তের মধ্যে অন্যতম মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়। ২ এপ্রিল বিক্ষোভকারীদের হাতে আটক হন বিচারবিভাগীয় আধিকারিকরা। জাতীয় সড়ক অবরুদ্ধ করে দেওয়া হয়।
দুপুর থেকে কালিয়াচকের ২ নম্বর ব্লকের বিডিও অফিসে আটকে পড়েন ভোটারদের নথি যাচাইয়ের দায়িত্বে থাকা ৭ জন বিচারক৷ গভীর রাত পর্যন্ত তাঁরা বিডিও অফিসেই আটকে ছিলেন৷ আটকে পড়া বিচারক এবং কমিশনের অন্যান্য আধিকারিক ও কর্মীদের উদ্ধার করতে রাজ্য পুলিশের ডিজি-র সঙ্গে কথা বলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল৷ ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তাদের অতিরিক্ত বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়৷
বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরূদ্ধ হয়ে পড়ে৷ কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়৷ যানজটে আটকে পড়ে বহু দূরপাল্লার বাস এবং পণ্যবাহী গাড়িও৷ বিক্ষোভকারীরা দাবি করেন, বাদ যাওয়া নাম ভোটার তালিকায় তোলার আশ্বাস না মিললে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 26, 2026 10:49 PM IST
