Last Updated:
Maa Canteen: ৫ টাকায় বিনিময়ে এই মা ক্যান্টিন থেকে দুপুরের খাবার খেতেন বহু মানুষ। তবে বর্তমানে রান্নার গ্যাসের অভাবে এই পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা।
মেখলিগঞ্জ, কোচবিহারঃ ৫ টাকায় পেট ভরে খাবার! মা ক্যান্টিনের এই পরিষেবায় উপকৃত হন বহু মানুষ। তবে এবার রান্নার গ্যাসের অভাবের কারণে মেখলিগঞ্জের একটি মা ক্যান্টিন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অনেকে।
জানা যাচ্ছে, ২০২১ সালের জুলাইয়ে কোচবিহারের মেখলিগঞ্জ শহরে প্রথম মা ক্যান্টিনের সূচনা হয়। পুরসভার কথা ও গান সাংস্কৃতিক ভবনে এখনও সেই মা ক্যান্টিন রয়েছে। পরবর্তীতে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে আরও একটি মা ক্যান্টিন চালু করা হয়। রান্নার গ্যাস না মেলায় গত মঙ্গলবার থেকে এই ক্যান্টিনটিই বন্ধ রয়েছে।
এই বিষয়ে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি বলেন, “রান্নার গ্যাসের অভাবে মা ক্যান্টিন বন্ধ থাকার বিষয়টি ইতিমধ্যেই প্রশাসন ও গ্যাস ডিলারকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করছি”।
মেখলিগঞ্জ বাস টার্মিনাসের একটি অংশে জায়গা করে এই মা ক্যান্টিন পরিচালিত হত। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের পাশাপাশি এই এলাকায় বহু ডায়াগনস্টিক সেন্টার, ওষুধের দোকান রয়েছে। ফলে বহু মানুষ এখানে মধ্যাহ্নভোজ করতেন। তবে বিগত বেশ কয়েকদিন ধরে এই মা ক্যান্টিন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তাঁরা।
ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে দ্রুত এই মা ক্যান্টিন চালু করার দাবি উঠতে শুরু করেছে। টোটোন বর্মন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “চিকিৎসার জন্য অনেকে হাসপাতালে রোগী নিয়ে আসেন। তাঁরা হাসপাতালের কাছে অবস্থিত এই মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে দুপুরের খাবার খেতেন। এছাড়া অনেক দুঃস্থ মানুষও এখানে আহার সারতেন। তবে বর্তমানে এই মা ক্যান্টিন বন্ধ থাকায় তাঁদের বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে হোটেলে খেতে হচ্ছে”।
সব মিলিয়ে, রান্নার গ্যাসের অভাবে মেখলিগঞ্জ শহরের এই মা ক্যান্টিন বন্ধ থাকায় বহু মানুষ সমস্যায় পড়েছেন। দ্রুত এটি চালু করার দাবিও জানিয়েছেন তাঁরা। শেষমেষ কবে সমস্যার সমাধান হয় সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 13, 2026 11:17 AM IST
