দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে সমুদ্রপৃষ্ঠে ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ২৮ এবং ২৯ মে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা। আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির স্পেল শুরু হবে। বুধবার থেকে শনিবার ঝড়বৃষ্টির স্পেল চলবে। কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা থাকবে। আজ, বুধবারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও সকাল থেকে দুপুর পর্যন্ত আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আজ, বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট চলবে। কালবৈশাখীর সতর্কতা জারি আবহাওয়া দফতরের।
কবে কোথায় কালবৈশাখীর সম্ভাবনা বেশি থাকবে?
বুধবার- বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।
বৃহস্পতিবার- বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
শুক্রবার- হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে।
শনিবার-৩০ মে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। রবিবার ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে।
আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং থেকে মালদহ উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবারেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। শনিবার ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা সামান্য রয়েছে।